জামালপুরে মোটর সাইকেলের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আবিদ হাসান (২৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিকেলে জামালপুর সদর উপজেলার নুরুন্দীর আড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নুরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সাইদুর রহমান।
নিহত আবিদ হাসান ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ইটাচক্রী এলাকার মৃত নওশের আলীর ছেলে।
তিনি জামালপুর সদর উপজেলার নুরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, জামালপুর সদর উপজেলার নুরুন্দী তদন্ত কেন্দ্র থেকে সরকারি ডাক নিয়ে মোটরসাইকেলযোগে জামালপুর শহরের উদ্দেশ্যে বের হন পুলিশ সদস্য আবিদ হাসান। নুরুন্দীর আড়ালিয়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নুরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সাইদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আবিদ হাসান নামে একজন পুলিশ কনস্টেবল মারা গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।