যখন আমি পুড়ছিলাম
ভেঙে পড়ার শব্দসহ যৎসামান্য মনে আছে।
হঠাৎ সব কিছু অন্ধকার হয়ে গেল
ক্লাসরুম থেকে বেরিয়ে এসেও রক্ষা পাইনি
আগুন আমাকে ধরে ফেলল
কৈশোর পুড়ছিল দাউ দাউ
ফ্রকে জ্বলছে আগুন
গলে পড়ছে মাংস
নরক যেন জাপটে ধরেছে
যেন শুয়ে আছি ক্যাকটাসের ওপর
যেন এক লক্ষ তীর আমার শারীরে
লাল-হলুদের অবিসংবাদিত আগুন
আমাকে পোড়াচ্ছে জীবন্ত।
চশমা বাঁচিয়েছিল চোখ কিছুটা সময়
কানে আসছিল আর্তনাদ
আমিও কি চিৎকার করেছিলাম?
আমাকে কেউ বাঁচাতে এলো না
কেউ না।
চোখে পড়ল বেশ কিছু ঝাপসা হাত
ওপরে তোলা
হাতে হাতে মোবাইল
ওরা রেকর্ড করছে
মানুষের পুড়ে যাওয়ার দৃশ্য
(একটু পরেই ইউটিউবে ভাইরাল হবে)
এমন সুযোগ হয়তো আর পাবে না।
চোখ পুড়ে যাওয়ার আগে আবার দেখলাম
অনেক হাত
ভেসে যাওয়া রোদ
নির্বিকার আকাশ
মানুষের মতো অনেক মানুষ।
একটিও মানুষ দেখলাম না।