জিততেই হবে ভারতকে, তবে...

ওভালে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ টেস্টটি ভারতের জন্য ভীষণ গুরুত্বের। এই ম্যাচ জিততে না পারলে সিরিজ হারতে হবে শুবমান গিলদের। ইংল্যান্ড সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় ওভাল টেস্ট ড্র হলেও সিরিজ জিতে নেবে স্বাগতিকরা। সেই সঙ্গে চোখ রাঙানি দিচ্ছে ওভালের আবহাওয়া। পূর্বাভাস বলছে পাঁচ দিনই মেঘলা থাকবে লন্ডনের আকাশ। ডান কাঁধের চোটের কারণে এই টেস্ট থেকে ছিটকে গেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ভারত একাদশে জাসপ্রিত বুমরাকে দেখা যাবে কি না, জানা যাবে আজ।

সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক শুবমান গিল জানান, ‘বুমরাহ’র ব্যাপারে আমরা ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেব। এখানকার পিচ বেশ সবুজ। দেখা যাক কী হয়। আর্শদিপকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে আমাদের প্রথম একাদশ এখনো নিশ্চিত নয়। গতকাল বুধবার অনুশীলনের পর পিচ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। ইংল্যান্ড প্রথম একাদশে কোনো স্পিনার রাখেনি। আমাদের দলে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর রয়েছে। ওরা আমাদের স্পিন আক্রমণ সামলে দিতে পারবে।’

ওভাল টেস্টের ইংল্যান্ড একাদশে অধিনায়কসহ মোট চারটি পরিবর্তন আনা হয়েছে। জায়গা পেয়েছেন ২১ বছর বয়সী জ্যাকব বেথেল, যিনি ব্যাট করবেন ছয় নম্বরে। দলের অধিনায়কত্ব করবেন ওলি পোপ। সংবাদ সম্মেলনে স্টোকস জানান, নভেম্বরের অ্যাশেজ সিরিজের কথা মাথায় রেখেই এই ম্যাচে খেলা না খেলার সিদ্ধান্ত বিবেচনা করেছেন। তিনি বলেন, ‘ভালো রকমের টিয়ার হয়েছে একটা পেশিতে, যার নাম আমি উচ্চারণই করতে পারি না। আমরা সিদ্ধান্ত নেওয়ার আগে যতটা সময় পারি নিয়েছি। আমি এখানে এসেছিলাম যেন অন্তত ব্যাটিং করতে পারি। বোলিং একেবারেই সম্ভব ছিল না স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর।’

‘এটা ছিল ঝুঁকি বনাম পুরস্কারের ব্যাপার। আর ঝুঁকি এতটাই বেশি ছিল যে যদি আবার চোটটা বাড়ে, তবে সেটা মারাত্মক হতে পারত। আমি আমার কোনো খেলোয়াড়কে এমন চোট নিয়ে খেলাতে চাই না। খুব হতাশ লাগছে।’ – যোগ করেন স্টোকস। গত বছর নিউজিল্যান্ডে তিনটি টেস্ট খেলে ৫২ গড়ে রান করা বেথেল তরুণ বয়সেই ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রে। তবে স্টোকস মনে করেন, চাপ সামলানোর ক্ষমতা রয়েছে তার। স্টোকস বলেন, ‘নিউজিল্যান্ডে যখন ওকে তিন নম্বরে সুযোগ দেওয়া হয়েছিল, তখন চারপাশে অনেক বেশি আলোচনার চাপ ছিল। কিন্তু ও সেটা ভালোভাবে সামলেছে। এখন ও ছয়ে ব্যাট করবে, এটা ওর জন্য সহজ হবে। আমি ওর দক্ষতায় খুবই আত্মবিশ্বাসী। ও একজন মানসম্পন্ন খেলোয়াড়।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের হাতে খুবই শক্তিশালী স্কোয়াড রয়েছে। দারুণ মানের ক্রিকেটাররা আছে বেছে নেওয়ার জন্য।’ এছাড়া স্পিনার লিয়াম ডসন ও পেসার জোফরা আর্চার ও ব্রাইডন কার্সের পরিবর্তে দলে ঢুকেছেন গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন এবং জশ টাং, ফলে ভিন্ন একটি বোলিং ইউনিট নিয়েই ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ইংলিশরা।