বগুড়া জেলার শেরপুরের ঝাঁজর বড় বিলের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বিলটি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।
বুধবার (৩০ জুলাই) বিকালে শেরপুর উপজেলা শহর থেকে প্রায় আট কিলোমিটার পূর্ব দিকে খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর বড় বিল পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি. এম. ইমরুল কায়েস, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক খান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, খামারকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাজেদুর রহমান মিলন, প্রশাসনকি কর্মকর্তা এনামুলক হক, ইউপি সদস্য নজরুল, পরিবেশ প্রতিরক্ষা সংস্থার সভাপতি সোহাগ রায় সাগর, উপদেষ্টা মো. শহিদুল ইসলাম, সদস্য আকাশ বাবুসহ বিল এলাকার স্থানীয় সুবিধাভোগী জনগণ।
ঝাঁজর বড় বিলটি স্থানীয় জীববৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ আবাসস্থল। পাখিদের কোলাহলে মুখর হয়ে থাকে এই বিল। শীতের সময় পরিযায়ী অতিথি পাখিদের দেখতে এই বিলের ধারে ভিড় করে মানুষ। বিলের পানিতে দেখা মিলে বিলের অতিথি পাখি পাতিসরালি, বালিহাঁস, মাছরাঙা, পানকৌড়ি, শামুকখোল, বিভিন্ন ধরনের বক, হট্টিটি, শালিকসহ নাম না জানা নানা পাখি। তবে, সাম্প্রতিক বছরগুলোতে অতিরিক্ত জলাশয় ভরাট, অপরিকল্পিত মাছ চাষ ও দখলবাজির কারণে বিলটির জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।
এ বিলটির জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ প্রতিরক্ষা সংস্থার উদ্যোগে বন অধিদপ্তরের নিকট আবেদন করা হয়। অধিদপ্তরের প্রেরিত চিঠির পরিপ্রেক্ষিতে বিলের জীববৈচিত্র্য সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিলটি পরিদর্শন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।
জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, বিলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো একযোগে কাজ করবে। পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয়দেরও সম্পৃক্ত করা হবে।