কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক বার্সেলোনা তারকা কার্লোস পেরেজ। স্প্যানিশ ক্লাব গেতাফে থেকে ধারে এই মাসেই তিনি গ্রিসের ক্লাব আরিস থেসালোনিকিতে গেছেন। নতুন ক্লাবে মানিয়ে নেওয়ার আগেই এই দুর্ঘটনা ঘটল। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
ইএসপিএন জানিয়েছে, ২৭ বছর বয়সী এই স্প্যানিস ফুটবলার তার নিজের কুকুর নিয়ে রাস্তায় হাঁটছিলেন। এসময় অন্য একটি কুকুর এসে পেরেজের কুকুরের সঙ্গে ঝগড়া বাঁধায়। দুটি প্রাণীকে আলাদা করার চেষ্টাকালে আগন্তুক কুকুরটি পেরেজের গোপনাঙ্গে কামড় বসিয়ে দেয়। এই ঘটনার ফলে তার যৌনাঙ্গে গভীর ক্ষত তৈরি হয়েছে এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বার্সেলোনার হয়ে সর্বশেষ ২০২০ সালে খেলা পেরেজ ক্লাবটির হয়ে ১৩ ম্যাচ ২ গোল করেছেন। দলীয় অর্জনের অংশ হিসেবে জিতেছেন একটি লা লিগা শিরোপা। ২০১২ সালে তিনি বার্সার বয়সভিত্তিক দলে সুযোগ পেয়েছিলেন। ‘বি’ দলের হয়ে ৫৫ ম্যাচে ১৩ গোল করে ২০১৮-১৯ মৌসুমে ডাক পান মূল দলে। তবে নিজেকে মেলে ধরতে পারেননি। নতুন ক্লাব আরিস থেসালোনিকির হয়ে সর্বশেষ ম্যাচে আরাজ-নাখচিভানের কাছে ২-১ গোলে হারতে হয়েছে।