জামালপুরে সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-১৪ এবং জেলা ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাইপাস মোড়ে চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, অভিযানে যানবাহনের কাগজপত্র, চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের ফিটনেস, রুট পারমিট এবং হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের বিষয়গুলো যাচাই করা হয়। এসব ক্ষেত্রে আইন লঙ্ঘনের দায়ে ৩০ জন চালকে জরিমানা করা হয়েছে। এই ৩০ জনের কাছে থেকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম। তাকে সহায়তা করেন ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম।
ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বলেন, সড়কে শৃঙ্খলা ফেরানো, দুর্ঘটনা রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।