আফগানিস্তানের তারকা অল-রাউন্ডার মোহাম্মদ নবির ছেলে হাসান ঈসাখিল এখন মাঠ মাতাচ্ছেন। এর আগে একটি ম্যাচে বাবার বলে ছক্কা মেরেছিলেন। এবার আফগানিস্তানের ঘরোয়া শপাগিজা ক্রিকেট লীগের একটি ম্যাচে অপরাজিত ফিফটি করে হারিয়ে দিলেন মোহাম্মদ নবির দল মিস আইনক নাইটসকে।
আজ বৃহস্পতিবার কাবুলে আগে ব্যাট করতে নেমে ১৬.২ ওভারে মাত্র ১২১ রানে অল-আউট হয়ে যায় মিস আইনক নাইটস। বেশিরভাগ রানটাই এসেছে ওপেনার তথা অধিনায়ক রহমানুল্লাহ গুরবাজের (৪৮) ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন লোয়ার অর্ডারে নামা স্পিনার মুজিব উর রহমান। মিডল অর্ডারে নেমে মোহাম্মদ নবি ৭ বলে মাত্র ৫ রান করে আউট হয়ে যান। ৮ ব্যাটার দুই অংকেই যেতে পারেননি। আজমতুল্লাহ ওমরজাই নেন ৪ উইকেট, আব্দুল্লাহ ৩টি।
রান তাড়ায় আমো শার্কসকে ভালো শুরু এনে দিয়েছিলেন ওপেনার ইমরান এবং হাসান ঈসাখিল। দুজনের মাঝে ইমরান ৬ বলে ১১ রানে আউট হলেও হাসান খেলেন ৩৪ বলে ৫ চার ১ ছক্কায় ৫০ রানের অপরাজিত ইনিংস। তিনে নেমে নুর উল রহমান ২৩ বলে ৩৫ এবং মোহাম্মদ ইসহাক ১৩ বলে অপরাজিত ২৫ রান করেন। ৪৪ বল এবং ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আমো শার্কস। এদিন অবশ্য মোহাম্মদ নবি বোলিং করেননি।