নিলামে বাবার দাম ১ কোটি, ছেলের ৭৫ লাখ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ আসরের মিনি নিলামে নাম লিখিয়েছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী এবং তাঁর ছেলে হাসান ইসাখিল। চূড়ান্ত নিলামের তালিকায় দুজনই জায়গা পেলে আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো একই নিলামে অংশ নেওয়া বাবা-ছেলে জুটি হবেন তাঁরা।

আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে এবারের মিনি নিলাম। নিলামে বাবা ও ছেলে ভিন্ন ভিন্ন ভিত্তিমূল্যে নিবন্ধন করেছেন। ৪১ বছর বয়সী মোহাম্মদ নবী নিজের ভিত্তিমূল্য রেখেছেন ১ কোটি রুপি, অন্যদিকে তরুণ হাসান ইসাখিলের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ লাখ রুপি। নিলামে তাঁদের এই উপস্থিতি ইতিমধ্যেই ক্রিকেট মহলে বাড়তি আগ্রহের জন্ম দিয়েছে।

আইপিএলের মঞ্চে মোহাম্মদ নবী অবশ্য বেশ পরিচিত মুখ। ২০১৭ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এই লিগে পথচলা শুরু করেন তিনি; পরবর্তী সময়ে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতেও খেলেছেন। আইপিএলে এখন পর্যন্ত ২৪টি ম্যাচ খেলে ২১৫ রান করার পাশাপাশি ১৫টি উইকেট নিয়েছেন এই স্পিন বোলিং অলরাউন্ডার। অভিজ্ঞতা বিবেচনায় নিলামে বিদেশি ক্রিকেটার খোঁজা দলগুলোর পছন্দের তালিকায় থাকতে পারেন তিনি।

অন্যদিকে, ছেলে হাসান ইসাখিলের সামনে আইপিএল ক্যারিয়ার শুরু করার এটিই প্রথম সুযোগ। গত সেপ্টেম্বরে আফগানিস্তান জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই তরুণ ক্রিকেটার এবার বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগের নিলামে নাম লিখিয়ে বাবার পথেই হাঁটার স্বপ্ন দেখছেন।
 
তবে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে একসঙ্গে খেলার অভিজ্ঞতা এরই মধ্যে ঝুলিতে পুরেছেন নবী ও ইসাখিল। চলতি বছরের বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে একাদশে জায়গা পেয়েছিলেন দুজন। ১১ জানুয়ারি সিলেটে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সেই ম্যাচে ছেলের হাতে অভিষেক ক্যাপ তুলে দিয়েছিলেন নবী। ম্যাচটিতে ৬০ বলে ৯২ রানের ঝোড়ো ইনিংস খেলেন ইসাখিল, আর নবী করেন ১৩ বলে ১৭ রান। চতুর্থ উইকেটে ৩০ বলে ৫৩ রানের জুটিও গড়েন তাঁরা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একই দলে খেলা প্রথম বাবা-ছেলে জুটি হিসেবেও আলোচিত হয়েছিলেন এই দুজন।

এবারের আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন—যার মধ্যে ৯৩৯ জন ভারতীয় ও ২৮১ জন বিদেশি। তবে ১০টি ফ্র্যাঞ্চাইজির সব মিলিয়ে শূন্য পদ রয়েছে মাত্র ৬৬টি, যার মধ্যে বিদেশি কোটা ২৫টি। মিনি নিলামের আগে দলগুলো মোট ১৮৪ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। প্রাথমিক তালিকা থেকে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত নিলামের তালিকা প্রকাশ করা হবে।
 
সর্বশেষ সর্বাধিক পঠিত