মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নতুন সরকার গঠন করেছেন। পাশাপাশি তিনি তার শাসনব্যবস্থাকে নতুনভাবে পরিচিত করেছেন। এই নির্বাচন তার জন্য বৈধতা অর্জনের গুরুত্বপূর্ণ ধাপ। এর মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন পূরণের পথ সুগম হলো জান্তা প্রধানের।
বৃহস্পতিবার, মিয়ানমার সেনাবাহিনী নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ (এনডিএসসি) ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর ঘোষিত জরুরি অবস্থা তুলে নিয়েছে। অভ্যুত্থানের পর থেকে এতদিন একাধিকবার বাড়ানো হয়েছিল জরুরি অবস্থা।
দেশটির সংবিধান অনুযায়ী জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয় তদারক করে এবং জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা রাখে এনডিএসসি।
ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, শাসকগোষ্ঠী ডিসেম্বর মাসে একটি নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। সংবিধান অনুযায়ী নির্ধারিত নির্বাচনের ছয় মাস আগেই ক্ষমতা এনডিএসসির কাছে হস্তান্তর করতে হবে।