দেশে ফুটবলের প্রসার ঘটাতে দেদার টাকা খরচ করছে তেলসমৃদ্ধ সৌদি আরবের ক্লাবগুলো। বিশ্বের নামিদামী সব তারকাদের দলে ভেড়ানোর প্রস্তাব দিচ্ছে তারা। এবার জানা গেল, বার্সেলোনার পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কিকে পেতে চায় একাধিক সৌদি ক্লাব। এই মুহূর্তে বার্সেলোনা কি ছাড়বে তাদের অন্যতম সেরা তারকাকে?
বার্সার আর্থিক অবস্থা এখনও সুবিধার নয়। যে কারণে তারা এবারের গ্রীষ্মকালীন দলবদলে খুব বেশি অর্থ খরচ করেনি। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আনা হয়েছে মার্কোস রাশফোর্ডকে। এর বাইরে স্প্যানিশ গোলরক্ষক জোয়ান গার্সিয়া ও সুইস ফরোয়ার্ড রনি বার্ডোগিকে কিনেছে ক্লাবটি। এই তিন ফুটবলারের আগমনে বার্সার খরচ নিঃসন্দেহে বেড়েছে। সেই টাকা তুলতে কি কোনো ফুটবলারকে বিক্রি করবে কাতালান ক্লাবটি?
স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মুন্দো দোপার্তিভো’ জানিয়েছে, বার্সার সঙ্গে চুক্তির শেষ মৌসুম কাটাচ্ছেন পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি। তাছাড়া আক্রমণভাগে তার বিকল্প হিসেবে ইতোমধ্যেই আছেন রাশফোর্ড, ফেরান তোরেস আর দানি ওলমো। সুতরাং সৌদি আরব থেকে মোটা অঙ্কের প্রস্তাব এলে এবং লেভানদোভস্কি রাজি থাকলে তাকে ছেড়ে দিতে পারে বার্সেলোনা। কিন্তু লেভানদোভস্কি কি রাজি হবেন?
গত মৌসুমে চোট আঘাতের মধ্যে দিয়েই বার্সার হয়ে ৫২ ম্যাচ ৪২ গোল করেছেন পোলিশ স্ট্রাইকার। সুতরাং পারফর্মেন্স নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। এছাড়া লেভানদোভস্কি বেশ আবেগী। কয়দিন আগেই জাতীয় দলের কোচের সঙ্গে ঝামেলা হওয়ায় তিনি আন্তর্জাতিক ফুটবল ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। পরে কোচ বদল করে তাকে ফেরানো হয়। এসব কারণে লেভাকে বিক্রি করা নিয়ে কোনো ধরনের চাপ দিতে চায় না বার্সা।