বার্সেলোনার ১০ নম্বর জার্সি গায়ে চাপিয়েছেন লিওনেল মেসিসহ অনেক বিখ্যাত ফুটবলার। উত্তরাধিকারসূত্রে সেই জার্সির মালিক এখন লামিনে ইয়ামাল। এই জার্সি গায়েই আজ প্রথমবার জালের দেখা পেয়েছেন এই স্প্যানিশ তরুণ। এশিয়া সফরে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার দল সিউল এফসিকে ৭-৩ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচটিতে জোড়া গোল করেছেন ইয়ামাল এবং ফেররান তরেস।
আজ বৃহস্পতিবার সিউলের মাঠে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে দুই অর্ধে ভিন্ন দুই একাদশ মাঠে নামান বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ইয়ামাল ও তরেসের জোড়া গোলের পাশাপাশি একবার করে জালের দেখা পেয়েছেন রবার্ট লেভানদোভস্কি, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও গাভি। প্রত্যাশিতভাবেই ম্যাচজুড়ে দাপট দেখানো বার্সেলোনা ৭৩ শতাংশ সময় বল দখলে রেখে গোলমুখে ১৯টি শট নিয়ে ১৩টি লক্ষ্যে রাখে। অন্যদিকে সিউলের ৯ শটের ৪টি লক্ষ্যে ছিল।
ম্যাচের ৮ম মিনিটে ইয়ামালের শট গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগার পর ফিরতি শটে গোল করে দলকে এগিয়ে নেন পোলিশ তারকা লেভানদোভস্কি। চতুর্দশ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিচু শটে ব্যবধান বাড়ান ইয়ামাল। ২৬তম মিনিটে ব্যবধান কমান ইয়াং-উক চো। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ইয়াহান আল-আরাবের গোলে সিউল এফসি সমতা ফেরায়।
দুই মিনিট পরই দানি ওলমোর রক্ষণ চেরা পাসে ক্ষিপ্রতায় বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করে বার্সাকে ফের এগিয়ে দেন ইয়ামাল। দ্বিতীয়ার্ধে যেন গোল উৎসবে মাতে বার্সা। ৫৫তম মিনিটে ক্রিস্টেনসেন, ৭৪তম মিনিটে তরেস এবং ৭৬তম মিনিটে গোল করেন গাভি। ৮৫ মিনিটে সিউল ব্যবধান কমালেও বার্সার গোল উৎসব থামেনি। যোগ করার সময়ের শেষ মুহূর্তে স্কোরলাইন ৭-৩ করেন তরেস। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
দিয়াজের 'স্বপ্ন বড়' তাই 'বড় ক্লাব' বায়ার্নে যোগ দিয়েছেন
ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে লোকেশ রাহুলকে পেতে চায় নাইট রাইডার্স
ছেলের অপরাজিত ফিফটিতে হেরে গেলেন মোহাম্মদ নবি