সিউলে ৭ গোল বার্সার
নিজেদের এশিয়া প্রাক-মৌসুম সফরের শুরুটা দারুণভাবে করেছে বার্সেলোনা। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে এফসি সিউলের বিপক্ষে এক প্রকার দাপুটে নৈপুণ্যে ৭-৩ গোলের ব্যবধানে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে কাতালানরা। বার্সা কোচ হানসি ফ্লিক পুরো ৯০ মিনিটে ২৪ জন খেলোয়াড়কে মাঠে নামান। দুই অর্ধেই তার দল দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে। প্রথমার্ধে লামিন ইয়ামাল ছিলেন মূল আকর্ষণ। আর দ্বিতীয়ার্ধে রিজার্ভ বেঞ্চ ও তরুণ খেলোয়াড়রা নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে বার্সাকে এনে দেন এক আনন্দঘন গোলবন্যার জয়। বার্সার হয়ে এই ম্যাচে জোড়া গোল করেন ইয়ামাল ও ফেরান তোরেস। একটি করে গোল দেন রবার্ট লেভানডফস্কি, আন্দ্রিয়াস ক্রিসটেনসেন ও গাভি। সিউলের তিন গোলদাতা হলেন চো ইয়ং-উক, ইয়াজান আল-আরব ও জুং হান-মিন। আগামী সোমবার এশিয়া সফরের শেষ ম্যাচে দেগু এফসির মুখোমুখি হবে বার্সেলোনা।
গোলে শুরু রোনালদোর
নতুন মৌসুমটা গোল দিয়েই শুরু করলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আল-নাসরের হয়ে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ইউন্টারসবার্গ অ্যারেনায় ফরাসি ক্লাব টুলুজ এফসির বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। ৪০ বছর বয়সী রোনালদো সম্প্রতি সৌদি ক্লাবটির সঙ্গে তার চুক্তি নবায়ন করেছেন। নতুন চুক্তির পর এটিই তার প্রথম ম্যাচ। রক্ষণভাগের ভুলের শুরুতেই গোল হজম করে বসে আল-নাসর। সেখান থেকে প্রথমার্ধেই সমতাসূচক গোলটি করেন অধিনায়ক রোনালদো। ম্যাচের ৭৬তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন মোহাম্মদ মারান। ২-১ ব্যবধানে জয় পায় আল-নাসর। অবশ্য পুরোটা সময় খেলেননি রোনালদো। প্রথমার্ধের পরই তার বদলে মাঠে নামেন মিডফিল্ডার আব্দুল্লাহ আল খায়বারি। আর চেলসি থেকে ৪৩.৭ মিলিয়ন পাউন্ডে আল-নাসরে যোগ দেওয়া ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সকে ৫৯তম মিনিটে তুলে নিয়ে তার জায়গায় সৌদি আরবের স্ট্রাইকার মোহাম্মদ মারান মাঠে নামেন।
বড় স্বপ্নে বায়ার্নে দিয়াজ
লিভারপুল ছেড়ে গ্রীষ্মকালীন দলবদলে বড় স্বপ্ন তাড়া করে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ। গতকাল মিউনিখে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে হাজির হয়ে জানালেন, ‘আমি খুব খুশি যে এমন একটা দারুণ ক্লাবে যোগ দিতে পেরেছি। যেভাবে সবাই আমাকে স্বাগত জানিয়েছে, সেটা অসাধারণ। খুব তাড়াতাড়ি সবাইকে ভালোভাবে চিনে নিতে চাই।’
২৮ বছর বয়সেই বায়ার্নের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দামের খেলোয়াড় এখন তিনি। ৬৫.৫ মিলিয়ন ইউরোতে লিভারপুল থেকে বায়ার্নে যোগ দিয়েছেন দিয়াজ। বায়ার্ন কেন বেছে নিলেন, তারও ব্যাখ্যা দিয়েছেন সাবেক পোর্তো ও লিভারপুল তারকা, ‘আমি এমন একটি ক্লাবে যোগ দিতে চেয়েছি যারা আমার লক্ষ্যের সঙ্গে মিলে যায়। আমি বড় স্বপ্ন দেখি, তাই বড় এবং উচ্চাকাক্সক্ষী ক্লাবেরই প্রয়োজন ছিল। এখানে আমরা সবকিছু জিততে চাই, আর সেই লক্ষ্যে আমি সাহায্য করতে প্রস্তুত।’