কুড়ালের কোপে ছেলেকে হত্যায় বাবা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাবার কুড়ালের কোপে ছেলের মৃত্যুর ঘটনায় চাচা আব্দুল হালিম (৩২) বাদী হয়ে গত বুধবার রাতে থানায় হত্যা মামলা করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত বাবা মো. নূরুল আমিনকে (৩৫) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। এর আগে গত বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সোহাগি ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামে এ হত্যাকা-টি ঘটে। নিহত শিশু মোবারক হোসেন (১০) ওই গ্রামের মো. নূরুল আমিনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে বসতঘরের পাশে বাঁশ ঝাড়ের নিচে বৃষ্টিতে ভিজছিলেন বাবা নূরুল আমিন। বাবাকে বৃষ্টিতে ভিজতে দেখে ছাতা নিয়ে যায় দ্বিতীয় শ্রেণি পড়–য়া ছেলে মোবারক হোসেন। ছাতা মাথায় ধরতেই পাশে থাকা কুড়াল দিয়ে ছেলের মাথায় কোপ দেন বাবা নূরুল আমিন। মোবারকের দাদা ইউসুফ আলী (৮০) বলেন, আমার ছেলে নূরুল আমিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রাতেই বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।