রাস্তায় বড় বড় গর্ত ঝুঁকি নিয়ে চলাচল

কিশোরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সতাল এলাকার আলী হোসেনের দোকান থেকে পূর্ব তারাপাশা এলাকার আলী হোসেনের বাড়ির মোড় হয়ে জেলা খাদ্যগুদাম পর্যন্ত রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। খানাখন্দে ভরা রাস্তা বড় বড় গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। প্রায়ই ঘটছে ছোট-বড় নানা দুর্ঘটনা। সেই সঙ্গে ধুলোবালির উপদ্রবে দুর্ভোগ পোহাচ্ছেন পৌরসভার হাজার হাজার সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে খানাখন্দে থাকলেও রাস্তাটি সংস্কারে কিশোরগঞ্জ পৌর কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ। এই ওয়ার্ডের পূর্ব তারাপাশা এলাকাটি সবচেয়ে অবহেলিত।

এ এলাকার বাসিন্দারা সামান্য বৃষ্টিতেই ঘর থেকে বের হতে পারে না। এলাকাটিতে নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা ও পরিকল্পিত সড়ক। শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা-যাওয়া করতে পারে না। সড়কের যে অবস্থা, তাতে যানবাহন চলা তো দূরের কথা, মানুষ চলা দায়। সড়কের মাঝখানে বড় বড় গর্ত। অটোরিকশাসহ কোনো যানবাহনই এ সড়কে চলার জন্য উপযুক্ত নয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘কার্পেটিংয়ের কাজ আগামী সেপ্টেম্বরে করা হবে। অন্যদিকে খানাখন্দ বা গর্ত থাকলে সেগুলো ভরাটের ব্যবস্থা শিগগির আমরা পৌরসভা থেকে করে দেব।’