প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ছাত্রদল নেতা

কুমিল্লা কারাগারে আটক উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও  দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি নাজিম উদ্দিন প্যারোলে মুক্তি পেয়ে শেষবারের মতো মৃত মায়ের মুখ দেখেন।

বৃহস্পতিবার বিকেলে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশগ্রহণ করেন ছাত্রদল নেতা নাজিম উদ্দিন।

জানা যায়, মুরাদনগর থানায় হামলা এবং ছাত্র সন্বয়ক ওবায়দুল হকের ওপর হামলার মামলায় উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে জেলা দায়রা জজে জামিন আবেদন করেন মুরাদনগর বিএনপি নেতা-কর্মীরা। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান। এ খবর শুনে হার্ট অ্যাটাক করেন ছাত্রদল নেতা নাজিম উদ্দিনের মা হোসনেয়ারা বেগম (৪৫)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে তার মায়ের জানাজায় অংশ নিতে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্যারোলে মুক্তির আবেদন করে তার পরিবার। বৃহস্পতিবার বিকাল ৫টায় প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় রাতে গ্রামের বাড়িতে এসে মায়ের জানাজা ও দাফনের শেষ আনুষ্ঠানিকতায় যোগ দেন। মায়ের লাশ দেখার পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে  দাফন করা হয়।

জানাজায় এসে বুকফাটা কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় আত্মীয়-স্বজন ও  প্রতিবেশীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এরপর রাতেই ছাত্রদল নেতা নাজিম উদ্দিনকে কারাগারে নিয়ে যাওয়া হয়।