কুমিল্লার মুরাদনগর উপজেলায় পৌরসভা গঠনের প্রাথমিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। মুরাদনগরকে পৌরসভা হিসেবে গঠনের লক্ষে শহর এলাকা ঘোষণার প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
গত ১৭ নভেম্বর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ প্রজ্ঞাপন প্রকাশিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে মুরাদনগর উপজেলার নির্ধারিত ৪টি ইউনিয়নের ৯টি মৌজাকে শহর এলাকা ঘোষণার অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে, ২৪ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের এক চিঠিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোকে প্রজ্ঞাপনটি জনসাধারণের অবগতির জন্য প্রচার এবং শহর এলাকা ঘোষণার বিষয়ে কোনো আপত্তি থাকলে তা প্রকাশের তারিখ থেকে এক মাসের মধ্যে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, দাখিল করা আপত্তিসমূহ যাচাই-বাছাই করে সরকার তিন মাসের মধ্যে নিষ্পত্তি করবে।
দীর্ঘদিনের প্রত্যাশিত মুরাদনগর পৌরসভা গঠনের এই উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। পৌরসভা গঠিত হলে মুরাদনগরের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা, সড়ক যোগাযোগ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিকল্পিত নগরায়ণের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন স্থানীয়রা।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত ও পরবর্তী প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পরই পৌরসভা গঠনের বিষয়টি নিশ্চিত হবে।