কাঁধের চোটে ক্রিস ওকসের ভারত সিরিজ শেষ

ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টের প্রথম দিনে কাঁধে চোট পেয়েছিলেন ইংলিশ পেসার ক্রিস ওকস। সেই চোট তাকে সিরিজ থেকেই ছিটকে দিয়েছে। বিবিসি স্পোর্টস জানিয়েছে, ওভাল টেস্টের বাকি অংশে ওকসকে আর পাবে না ইংল্যান্ড। তার সতীর্থ পেসার গাস অ্যাটকিনস গতকাল বলেছিলেন, ‘ক্রিসের অবস্থা দেখে ভালো মনে হচ্ছে না। সে যদি এই ম্যাচে আবার খেলতে নামে, তাহলে বিস্মিত হব।’

গতকাল বৃহস্পতিবার থেকে লন্ডনের ওভালে শুরু হওয়া টেস্টের ৫৭তম ওভারের ঘটনা। জেমি ওভারটনের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করেন করুণ নায়ার। মিড অফ থেকে দৌড়ে গিয়ে ক্রিস ওকস বাউন্ডারি আটকান। সীমানার কাছে ডাইভ দিয়ে বাউন্ডারি বাঁচানোর সময় তিনি বাম কাঁধে চোট পান। এরপর ফিজিওর সহায়তায় বাঁ হাত সোয়েটারে জড়িয়ে মাঠ ছাড়েন তিনি। রাতেই তার স্ক্যান করানো হয়েছে। আজ রিপোর্ট এলে বিস্তারিত জানাবে ইসিবি।

এর আগে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টে কাঁধে চোট পেয়ে ছিটকে গেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তার পরিবর্তে ওভাল টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন ওলি পোপ। এবার চোটের তালিকায় যুক্ত হলো ওকসের নাম। অবশ্য ওভাল টেস্টে ভালো অবস্থায় আছে ইংল্যান্ড। গতকাল ৬৪ ওভারে ৬ উইকেটে ২০৪ রান তুলে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন শেষ করেছে ভারত। সিরিজে পাঁচ ম্যাচে ওকসের শিকার ১১ উইকেট।