ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে উঠতে গিয়ে মাছুম বিল্লাহ (২৮) নামের এক যুবকের বাম পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শুত্রুবার (১ আগস্ট) বেলা ১২টার দিকে গফরগাঁও রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত মাছুম বিল্লাহ হালুযাঘাট উপজেলার কাউচিয়া এলাকার মো. ওয়ালী উল্লার ছেলে।
জানা যায়, গফরগাঁও রেলওয়ে স্টেশন প্লাটফর্ম থেকে কমিউটার ট্রেন ছেড়ে যাচ্ছিলো এ সময় ট্রেনে উঠতে গিয়ে মাছুম বিল্লার পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় গফরগাঁও রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. শারমিন আক্তার পপি বলেন, ট্রেনে কাটা পড়ে বাম পা হাটু থেকে বিচ্ছিন্ন হওয়া যুবকে রেলওয়ে পুলিশ হাসপাতালে নিয়ে আসেন। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই গোলাম কিবরিয়া বলেন, মাছুম বিল্লাহকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহের মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।