ত্রিদেশীয় সিরিজে জয়ে ফিরলো যুবারা

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে এক ম্যাচ পরই জয়ে ফিরলো বাংলাদেশের যুবারা। হারারেতে শুক্রবার স্বাগতিক জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে ৮৯ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জবাব দিতে নেমে বাংলাদেশ ম্যাচ জেতে ৮ উইকেটে, ২০৯ বল হাতে রেখে।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন বোলাররা। পেসার ইকবাল হোসেন ইমন ৬.৩ ওভার বল করে এক মেডেন দিয়ে ২৭ রানে নেন ৪ উইকেট। দুটি করে উইকেট নেন সানজিদ মজুমদার ও স্বাধীন ইসলাম। স্বাগতিক দলের ব্যাটারদের মধ্যে ইনিংস সর্বোচ্চ ২৬ রান করেন ওপেনার নাথানিয়েল হাবানগানা। দুই অঙ্কের ঘরে রান করেন আর তিনজন। মাত্র ২২.৩ ওভারে অলআউট হয় জিম্বাবুয়ে।

সহজ লক্ষ্য তাড়ায় অবশ্য শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার রিফাত বেগ ফেরেন রানের খাতা না খুলেই। কালাম সিদ্দিকি ১৬ বলে ২০ রান করেন। আরেক ওপেনার আজিজুল হাকিম ৪৯ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৬ চার ও ১ ছক্কা। তাকে সঙ্গ দেন ২ চার ও ১ ছয়ে ২৬ বলে ২১ রানে অপরাজিত থাকা রিজান হোসান। দুটি উইকেট নেন জিম্বাবুয়ে পেসার শেলটন।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের আগের ম্যাচে বাংলাদেশ হেরেছিল দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে।