জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের পদ্মা জোনে পুরুষ ও নারী দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া জেলা। এই জোনে পুরুষ বিভাগে আটটি ও নারী বিভাগে ছয়টি জেলা অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। আরও উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।
পুরুষ বিভাগে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল বগুড়া, জয়পুরহাট, রাজশাহী ও পাবনা জেলা। প্রথম সেমিফাইনালে বগুড়া ৩৪-১৮ পয়েন্টে জয়পুরহাটকে হারিয়ে ফাইনালে ওঠে। আর দ্বিতীয় সেমিফাইনালে রাজশাহী ২৯-২২ পয়েন্টে পাবনা জেলা কাবাডি দলকে হারায়। ফাইনালের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বগুড়া ২৫-১৯ পয়েন্টে রাজশাহীকে হারিয়ে পদ্মা জোনের চ্যাম্পিয়ন হয় বগুড়া।
নারী বিভাগেও এই চার জেলাই শেষ চারে ওঠে। প্রথম সেমিফাইনালে বগুড়া ২৪-২১ পয়েন্টে রাজশাহীকে হারিয়ে ফাইনালে ওঠে। দ্বিতীয় সেমিফাইনালে পাবনা ৩৪-২৩ পয়েন্টে হারায় জয়পুরহাটকে। ফাইনালে বগুড়ার সামনে পাত্তাই পায়নি পাবনা। ৪০-১৮ পয়েন্টের বিশাল ব্যবধানে জিতে শিরোপাল্লাসে মাতে বগুড়ার মেয়েরা।
পুরো দেশকে আটটি জোনে ভাগ করে জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। পদ্মা জোনের পর রংপুর জেলায় অনুষ্ঠিত হবে তিস্তা জোনের খেলা। জোনাল পর্যায়ের খেলা শেষে প্রতিটি জোনের বিজয়ী দল নিয়ে আন্তজেলা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। সেখান থেকে সেমিফাইনালে ওঠা চারটি দলের সঙ্গে সার্ভিসেস দলগুলো নিয়ে আয়োজিত হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ।