৫ আগস্ট গণঅভ্যুত্থান না হলে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান না হলে দেশে আজ আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারতাম না সভা সমাবেশ করতে পারতাম না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দেশের মানুষের মত প্রকাশের কোন স্বাধীনতা ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ভিন্ন মত পোষন করলে তাকে ধরে কারাগারে নিক্ষেপ করা হতো।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ মত প্রকাশের সভা সমাবেশ করার এবং স্বাধীন ভাবে চলাচলের সুযোগ পেয়েছে। সারাজীবন জাতীর কাছে ৫ আগস্ট স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। প্রতি বছর যথাযথ মর্যাদায় ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পালন করা হবে।

দুলু বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পার হওয়ার আগে থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তাই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যুক্ত বিএনপি জামায়াত এনসিপিসহ দেশের সকল রাজনৈতিক দলকে এই একটি জায়গায় অন্তত ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মাটিতে আর কখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আশ্রয় প্রশয় দেয়া যাবে না।

তিনি বলেন, অন্তবর্তী সরকারের সকল বিভাগকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপতৎপরতা সর্ম্পকে সজাগ থাকতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে নিজে মুখে বলেছিল ভারতকে তিনি যা দিয়েছেন ভারত সারা জীবন তা ভুলতে পারবে না। ভবিষ্যতে আবার কখনো সুযোগ পেলে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গ রাজ্যে পরিণত করবে। তাই দেশের সকল মানুষকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল অপতৎপরতা সর্ম্পকে সজাগ থাকতে হবে। সাড়ে ১৫ বছর বিনা ভোটে ক্ষমতায় থেকে ভিন্ন মতের মানুষের ওপরে আওয়ামী লীগ কেমন নিপিড়ন নির্যাতন জুলুম করেছে দেশের মানুষের তা ভুলে গেলে চলবে না।

শুক্রবার বিকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জুলাই বিপ্লবের নিহত শহীদদের স্মরণে আয়োজিত জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।