মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর আমদানি শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। এ ঘোষণার পরই শুক্রবার (১ আগস্ট) ভারতের টেক্সটাইল কোম্পানিগুলোর শেয়ার দর ব্যাপকভাবে পড়েছে। দেশটির শীর্ষ কয়েকটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের শেয়ার দর ৭ শতাংশ পর্যন্ত নেমে গেছে।
শুক্রবার মুম্বাই শেয়ারবাজারে পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজের শেয়ার ৭.২ শতাংশ কমে ১ হাজার ৩৮০.০৫ রুপিতে দাঁড়ায়। একই দিন গোকালদাস এক্সপোর্টসের শেয়ার ৩.১ শতাংশ কমে ৮২৪.৫০ রুপিতে নেমে আসে। এছাড়া আরভিন্দ লিমিটেডের শেয়ার ১.৮ শতাংশ কমে ৩১০.৪০ রুপি এবং ওয়েলস্পান লিভিংয়ের শেয়ার ১.৯ শতাংশ কমে ১২৩.৮০ রুপিতে পৌঁছায়।
বিশ্লেষকদের মতে, মার্কিন বাজারে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতায় ভারত এখন আরও পিছিয়ে পড়বে। কারণ বাংলাদেশ, ভিয়েতনাম, পাকিস্তান ও ইন্দোনেশিয়া ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে কম শুল্কে পোশাক রপ্তানির সুবিধা পাচ্ছে। এবার বাংলাদেশের শুল্ক আরও কমানোয় ভারতের জন্য চাপ বেড়েছে।
এর আগে বৃহস্পতিবার মার্কিন সরকার ভারতীয় পোশাকের ওপর ২৫ শতাংশ শুল্ক বাড়িয়েছে। এর প্রভাবে পার্ল গ্লোবালের শেয়ার ৭ শতাংশ এবং গোকালদাস এক্সপোর্টসের শেয়ার ৪.৫ শতাংশ কমেছিল।
বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, শুল্ক কমানোর ফলে বাংলাদেশের পোশাক শিল্প বড় সুবিধা পাবে, বিশেষ করে বৈশ্বিক প্রতিযোগিতার এই সময়ে। অন্যদিকে, ভারতীয় রপ্তানিকারকরা এখন চাপের মুখে পড়েছে।