টেস্ট ক্রিকেটে একের পর এক রেকর্ড ধরা দিচ্ছে জো রুটের ব্যাটে। আজ শুক্রবার ওভাল টেস্টের দ্বিতীয় দিনে আরও দুটি রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটসম্যান। যার একটিতে কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন তিনি।
ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দারুণ ছন্দে থাকা রুট ওভাল টেস্টের প্রথম ইনিংসে বড় রান করতে পারেননি। আউট হন ২৯ রানে। তবে এই ইনিংসের পথে টেস্টে ঘরের মাঠে সবচেয়ে বেশি রানের রেকর্ডের তালিকায় টেন্ডুলকারকে ছাড়িয়ে যান রুট।
ইংল্যান্ডে ৭ হাজার ২২০ রান করে তালিকায় দ্বিতীয় স্থানে এখন তিনি। তিনে নেমে যাওয়া শচিন টেন্ডুলকারের ভারতে রান ৭ হাজার ২১৬। এই তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তিনি ৭ হাজার ৫৭৮ রান করেন নিজ দেশে।
এদিন প্রথম ব্যাটসম্যান হিসেবে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ২ হাজার টেস্ট রানের মাইলফলকও স্পর্শ করেছেন রুট। ভারতের বিপক্ষে নিজ দেশের মাঠে এখন তার রান ২ হাজার ৬। অস্ট্রেলিয়ায় ভারতের বিপক্ষে ১ হাজার ৮৯৩ রান করে এই তালিকায় রুটের পরে আছেন পন্টিং।
এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ভারতের ২২৪ রানের জবাবে ইংল্যান্ড তোলে ৮ উইকেটে ২৪২ রান। এরপর বৃষ্টির কারণে প্রায় ৪৫ মিনিট খেলা বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে।