রিয়াল মাদ্রিদে এরই মধ্যে দুটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগাসহ আরও শিরোপা জিতেছেন ভিনিসিয়ুস জুনিয়র। লস ব্লাঙ্কোসদের হয়ে আরও ট্রফি জয়ের পাশাপাশি জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জেতা ভিনির লক্ষ্য। এখন নতুন মৌসুম শুরুর প্রস্তুতি নিচ্ছে রিয়াল। 'জিকিউ স্পেন' এ প্রকাশিত সাক্ষাৎকারে নিজের বড় স্বপ্নের কথা তুলে ধরেন ভিনিসিয়ুস। আরও জানিয়েছেন তার অনুপ্রেরণা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লেব্রন জেমস।
ভিনি বলেন, 'আমি অনেক কিছু অর্জন করেছি, তবে আমার এখনও অনেক স্বপ্ন আছে। আমার ক্লাবের হয়ে আরও ট্রফি জিততে চাই, জাতীয় দলের হয়ে সবচেয়ে বড় প্রতিযোগিতা (বিশ্বকাপ) জিততে চাই এবং পরবর্তী প্রজন্মকে তাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করতে চাই। আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো, এমন একটা লেগ্যাসি রেখে যাওয়া, যা ফুটবলের সীমানা ছাড়িয়ে যাবে, বিশেষ করে ব্রাজিলের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য আমার ফাউন্ডেশনের মাধ্যমে যে সব কাজ আমি করছি।'
ভিনি আরও যোগ করে বলেন, 'আমি জানি আমার যাত্রা অন্যদের অনুপ্রাণিত করে, বিশেষ করে সেখানকার শিশুদের, যেখান থেকে আমি এসেছি। আমার গল্প কাউকে তার স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করতে পারে, এটা আমার কাছে অনেক কিছু।'
ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে ১৮ বছর বয়সে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান ভিনি। তার অনুপ্রেরণা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস। 'ক্রিশ্চিয়ানো রোনালদো তার অবিশ্বাস্য কাজ ও নিবেদন দিয়ে আমাকে অনুপ্রাণিত করেছেন; সেরা হওয়ার দৌড়ে তিনি কখনও তার প্রচেষ্টা থামান না। লেব্রন জেমসের ক্ষেত্রেও তাই, তবে তার সম্প্রদায়ের জন্য তিনি যা করেছেন, সেটার জন্যও, তিনি প্রমাণ করেছেন যে, শ্রেষ্ঠত্ব পারফরম্যান্সের সীমানা ছাড়িয়ে যায়। অবশ্যই রোনালদো (নাজারিও), রোনালদিনহো ও নেইমারের মতো ব্রাজিলিয়ান কিংবদন্তিরাও আছেন, যারা ব্রাজিলের মানুষ ও ব্রাজিলিয়ান ফুটবলের জন্য অনেক কিছু করেছেন।'
টানা পঞ্চম টেস্টে হার জিম্বাবুয়ের
জাভি নয় ভারতের কোচ হলেন খালিদ জামিল
রিয়ালের সূচি বদলের আবেদন খারিজ