খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মনোয়ার হোসেন টগর (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাত সোয়া ৯ টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন।
মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রাত সোয়া ৯ টার দিকে কয়েকজন যুবক তার বাড়িতে প্রবেশ করে। কোন কিছু বুঝে ওঠার আগেই তাকে বুকের ডান পাশে ছুরিকাঘাত করে। এরপর সে মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই বলেন, তিনজন যুবক তার বাড়িতে আসে। তাদের দরজা খুলে দিলে গল্পের এক পর্যায়ে তাদের একজন বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। তবে ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা নিহতের পূর্ব পরিচিত। আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।