ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের পেস বোলার নাহিদ রানা। দেশ রূপান্তরকে নাহিদ জানিয়েছেন, একই সময়ে জাতীয় দলের খেলা থাকায় তিনি কাউন্টিতে খেলার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ইংল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতার দুই স্তরের ম্যাচই চলমান। প্রথম স্তরের সবশেষ ম্যাচ ইয়র্কশায়ার আর ডারহামের, ম্যাচটি শেষ হওয়ার কথা ২৭ সেপ্টেম্বর। দ্বিতীয় স্তরের ম্যাচও শেষ হওয়ার কথা একই তারিখে, গ্ল্যামারগন আর ল্যাঙ্কাশায়ারের ম্যাচ দিয়ে। নাহিদ রানাকে ঠিক কোন ক্লাউন্টি দল ডেকেছে সেটা অবশ্য তিনি স্পষ্ট করে বলতে পারেননি। শুধু বলেছেন সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আছে তাই না বলে দিয়েছেন, ‘কোন দল সেটা বলতে পারব না। এজেন্ট মেসেজ করেছিল যে সেপ্টেম্বরে আমি ফ্রি আছি কি না। দুই তিনটা কাউন্টি দলের হয়ে খেলার প্রস্তাব আছে। আমি বলেছি ফ্রি নেই, ঐ সময় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা আছে।’ নাহিদ আরও জানান যে কথা এগিয়ে অনাপত্তিপত্রের জন্য আবেদন করার কথাও তিনি ভাবেননি, যেহেতু দেশের মাটিতে সিরিজ আছে, যদিও এই সময়ে বাংলাদেশ দল ব্যস্ত থাকবে এশিয়া কাপে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা পরের মাসে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের কর্মকর্তা শাহরিয়ার নাফীস জানিয়েছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ আসবে অক্টোবরের মাঝামাঝি সময়ে।’ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটো টেস্ট ম্যাচ খেলতেই আসার কথা ক্যারিবীয়দের।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একটি মাত্র ম্যাচ খেলা নাহিদ রানা খুব সম্ভবত এশিয়া কাপের জন্য নির্বাচকদের রাডারে নেই। ওয়েস্ট ইন্ডিজ আসতে আসতে শেষ হয়ে যাবে কাউন্টির মৌসুমও। নাহিদ রানা কি তাহলে প্রস্তাবটা ফিরিয়ে দিয়ে ভুলই করলেন!