জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘শেখ হাসিনা দেশের আলেম সমাজের ওপর নির্যাতনকে জায়েজ বানিয়ে ফেলেছিল। দক্ষিণপন্থা নামক ট্যাগ দিয়ে দেশে পুনরায় ইসলামপন্থিদের কোণঠাসা করার পাঁয়তারা চলছে।’ গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে এই কথা মন্তব্য করেন তিনি।
‘জুলাই চব্বিশের গণঅভ্যুত্থান : প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা এবং ‘২য় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি ভার্সনের মোড়ক উন্মোচন উপলক্ষে এই সেমিনারের আয়োজন করে জামায়াত।
নাসীরুদ্দীন বলেন, একটি দলের মহাসচিব ইসলামী দলগুলোকে দক্ষিণপন্থি হিসেবে চিহ্নিত করে। আমি বলতে চাই যদি দক্ষিণপন্থিরা দেশে ফ্যাসিবাদের পতন ঘটায় তবে আপনার সমস্যা কী? দক্ষিণপন্থার জুজুর ভয় দেখিয়ে জনগণকে আর বোকা বানানো যাবে না।
এদিকে দুপুরে ঢাকা রিপোর্টার ইউনিটিতে (ডিআরিইউ) এনসিপির শ্রমিক উইংয়ের যোগদান অনুষ্ঠানে নাসীরুদ্দীন বলেন, আশির দশকে কল-কারখানা ছিল শ্রমিকদের দখলে। যারা এখন শ্রমিকদের পক্ষে মাঠে লড়াই করেন, তারা সবাই মালিকের লোক।