সিলেটে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিখোঁজ ২

সিলেট জেলার জৈন্তাপুরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই যাত্রী নিখোঁজ রয়েছেন। এছাড়া ২৮ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সাতজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া করা হয়েছে। বাকি ২১ জনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাফলং থেকে ছেড়ে আসা গেইটলক পরিবহনের একটি বাস (সিলেট মেট্রো-ব-১১-০০০৩) ৩২ জন যাত্রী নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৭টার দিকে ফেরিঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। তাদের সহায়তায় আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ঘটনার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়া করা হয়। আমরা নিখোঁজ দুই যাত্রীর সন্ধানে কাজ করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।