যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যের একটি বারে বন্দুকধারী হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় সাবেক একজন মার্কিন সেনা সদস্যকে সন্দেহভাজন হিসেবে অনুসন্ধান শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মন্টানার আনাকোন্ডার দ্য আউল বার-এ এই ঘটনা ঘটে।
মন্টানা ডিভিশন অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশনের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন।
সন্দেহভাজন হামলাকারী ৪৫ বছর বয়সী সেনা সদস্য ভেটেরান মাইকেল পল ব্রাউন হিসেবে। আনাকোন্ডায় বারের পাশেই তার বাড়ি ছিল বলে সরকারি নথি এবং বারের মালিক ডেভিড গভার্ডার নিশ্চিত করেছেন।
ঘটনার সময় সেখানে উপস্থিত না থাকা গভার্ডার বলেন, ‘বারটেন্ডারসহ তিন জন গ্রাহক নিহত হয়েছে, তারপর ব্রাউন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘তিনি বারটিতে থাকা সবাইকে চিনতো, আমি নিশ্চিত। তাদের কারও সঙ্গে তার কোনো ঝামেলা ছিল না। আমার মনে হয়, সে হঠাৎ আবেগে হামলা করেছে।’
মন্টানার দক্ষিণপশ্চিমে অবস্থিত আনাকোন্ডায় প্রায় ৯ হাজার জনের বাস। ইতিমধ্যে ব্রাউনের বাড়িতে তল্লাশি চালিয়েছে সোয়াট টিম।
মন্টানার সিনেটর স্টিভ ডেইনস জানান, একটি ‘অনুসন্ধান অভিযান’ চলছে, যেখানে ড্রোনের সাহায্য নেওয়া হচ্ছে।
প্রশাসন জানিয়েছে, ব্রাউন সর্বশেষ স্টাম্প টাউন এলাকায় দেখা গেছে, যা আনাকোন্ডার ঠিক পশ্চিমে অবস্থিত, এবং তাকে ‘সশস্ত্র এবং বিপজ্জনক’ হিসেবে ধারণা করা হচ্ছে।
আনাকোন্ডা-ডিয়ার লজ কাউন্টি ল’ এনফোর্সমেন্ট সেন্টার সোশ্যাল মিডিয়ায় সতর্ক করে বলেছে, ব্রাউনকে দেখলে কেউ তার কাছে যাবেন না। আনাকোন্ডার বাসিন্দাদের তাদের বাড়ির দরজা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
স্টাম্প টাউনে ডজনেরও বেশি পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে, এলাকাটি লকডাউন করা হয়েছে যাতে কেউ ভেতরে বা বাইরে যেতে না পারে। পুলিশ গাছে-ঘেরা পাহাড়ি এলাকায় ব্রাউনের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
এই এলাকার একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা র্যান্ডি ক্লার্ক জানান, পুলিশ হেলিকপ্টার নিকটবর্তী পাহাড়ের উপর ভাসমান অবস্থায় রয়েছে, আর কর্মকর্তারা গাছপালার মধ্যে চলছে।
একজন মার্কিন সেনা মুখপাত্র জানান, ব্রাউন ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত আর্মার ক্রুয়াম্যান হিসেবে ছিলেন। পরবর্তীতে ২০০৪ সালের শুরু থেকে ২০০৫ সালের মার্চ পর্যন্ত ইরাকে মোতায়েন ছিলেন। এছাড়াও, তিনি ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত মন্টানা ন্যাশনাল গার্ডের সদস্য ছিলেন।