সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস (ডব্লিউসিএল)। কিন্তু ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই লিগেও বেশ ঝামেলা হয়েছে। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠেই নামেনি ভারত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাইনালে চলে গেছে পাকিস্তান। তবে এই ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একটা বড় সিদ্ধান্ত নিয়েছে।
যুক্তরাজ্যে চলমান ডব্লিউসিএলে ভারত-পাকিস্তানের এই বিরোধাত্মক আবহে এসব আনঅফিসিয়াল ক্রিকেট লিগে দেশের নাম ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এনডিটিভিকে এক সূত্র বলেছে, ‘গত বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভায় বিস্তারিত আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ মনে করেছে যে ভারতীয় খেলোয়াড়রা ডব্লিউসিএলের দ্বিতীয় সংস্করণে পাকিস্তানের বিপক্ষে দুই বার খেলতে অস্বীকৃতি জানানোয় দেশের সুনাম ক্ষুণ্ণ হয়েছে।’
প্রতিবেদনে বলা হয়েছে যে জিম্বাবুয়ে, কেনিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ছোটখাটো এবং সাধারণ মানের লিগগুলোতেও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান একটা দল বানিয়ে সেখানে পাকিস্তানের নাম ব্যবহার করেছে। পিসিবির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে।, ‘ভবিষ্যতে এসব লিগে পাকিস্তানের নাম ব্যবহার করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। যাচাই-বাছাই সাপেক্ষে দেশের নাম ব্যবহারের অনুমতি দেওয়ার ক্ষমতা একমাত্র পিসিবির।’
এই সিদ্ধান্তের পরও অবশ্য আজ শনিবার পাকিস্তান লিজেন্ডস দলকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল খেলতে দেওয়া হবে। দেশের নামেই তারা ফাইনাল খেলবে। তবে এরপর থেকে আর দেশের নাম ব্যবহারের অনুমতি দেবে না পিসিবি। আরও জানা গেছে যে পাকিস্তান সরকার এবং দেশের খেলাধুলার দেখাশোনাকারী আন্তঃপ্রাদেশিক সমন্বয় কমিটি (আইপিসি) ভবিষ্যতে এসব আনঅফিসিয়াল ক্রিকেট লিগে দেশের নামের ব্যবহার নিয়ন্ত্রণের জন্য পিসিবিকে পরামর্শও দিয়েছে।