‘আমরা এটা হতে দিতে পারি না’ – আম্পায়ারের সঙ্গে রাহুলের উত্তপ্ত বাক্য বিনিময়

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৩:১৯ পিএম

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে বিতর্ক থামার কোনো লক্ষণই নেই। দুই দলের ক্রিকেটাররা তো নিয়মিতই বাগযুদ্ধে মেতে উঠছেন, এবার আম্পায়ারের সঙ্গেও লেগে গেল ভারতের ওপেনার লোকেশ রাহুলের। দুজনের উত্তপ্ত বাক্য বিনিময় ধরা পড়েছে স্টাম্প মাইক্রোফোনে। কী হয়েছিল সেই সময়?

গতকাল শুক্রবার ওভাল টেস্টের দ্বিতীয় দিন ভারতের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ এবং ইংল্যান্ডের ব্যাটার জো রুটের মধ্যে তর্ক হচ্ছিল। ইংল্যান্ডের ইনিংসের ২২তম ওভারে প্রসিদ্ধের একটা বল রুটের ব্যাট ঘেঁষে বেরিয়ে যায়। সেটা দেখে রুটকে স্লেজিং করছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। পরের বলেই পয়েন্ট দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে উচিত জবাব দিয়ে দেন রুট। বাউন্ডারি হাঁকানোর পর নিজেক সামলাতে পারেননি রুট।

সাবেক ইংল্যান্ড অধিনায়ক বেশ উত্তেজিতভাবে প্রসিদ্ধের দিকে এগিয়ে কিছু বলছিলেন। সাধারণত রুট এতটা মেজাজ হারান না। প্রসিদ্ধও চটে গেলে শুরু হয় কথার লড়াই। ঠিক তখনই সতীর্থের পক্ষ নিয়ে কথা বলতে আম্পায়ার কুমার ধর্মসেনার দিকে এগিয়ে যান লোকেশ রাহুল। দুজনের মাঝে রীতিমতো তর্ক শুরু হয়ে যায়। স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়া কথোপকথন ছিল এরকম:

রাহুল: আপনি কী চান? আমরা চুপ করে থাকি?

ধর্মসেনা: আপনি কি চাইবেন কোনো বোলার আপনার দিকে তেড়ে গিয়ে কথা বলবে? না, এটা করা যায় না। না রাহুল, আমরা এটা হতে দিতে পারি না।

রাহুল: আপনি কী চান বলুন তো? শুধু ব্যাটিং আর বোলিং করে বাড়ি ফিরে যাব?

ধর্মসেনা: আমরা এটা নিয়ে ম্যাচের পর আলোচনা করব। আপনি এভাবে কথা বলতে পারেন না।

অবশ্য এই কথার লড়াই দ্রুতই থেমে গিয়েছিল। ফের শুরু হয় খেলা। ম্যাচের আরও তিনদিন বাকি আছে। এই ম্যাচ জিতলে বা ড্র করলে সিরিজ জিতে নেবে ইংল্যান্ড। ইতোমধ্যেই তারা সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত