চকরিয়ায় মুখোশধারীর গুলিতে হত্যা মামলার আসামির মৃত্যু

‎কক্সবাজারের চকরিয়ার বদরখালী ইউনিয়নে হত্যার মামলার এক আসামিকে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে।শুক্রবার (১ আগস্ট) রাত ১২টার দিকে বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ব্লকের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম।

নিহত যুবকের নাম মোহাম্মদ সুহায়েত (৪০)। তিনি বদরখালী ইউনিয়নের মগনামা পাড়ার নুরুল আজিজের ছেলে। সুহায়েত হত্যাসহ চারটি মামলার আসামি বলে জানিয়েছেন ওসি শফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি জানান, বদরখালী বাজার থেকে সুহায়েত রাস্তা দিয়ে কয়েকজন লোকের সাথে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার পথে আজমনগর স্কুলের সামনে এলে পিছনের দিক থেকে ৪-৫ জন মুখোশধারী লোক ব্যাটারিচালিত অটোরিকশায় করে এসে রিকশা থেকে সুহায়েতকে লক্ষ্য করে পিছন থেকে গুলি ছুড়ে। তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে যান। 
এ সময় দূর্বৃত্তরা পালিয়ে যেতে দেখে ধাওয়া করলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয় লোকজন চকরিয়া থানায় খবর দিলে পুলিশ লাশ নিয়ে যায়। তবে স্থানীয় লোকজন দুর্বৃত্তদেরকে চিহ্নিত করতে পারেনি।

‎তিনি বলেন, পুলিশ টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ টিম ঘটনার তথ্য উদঘাটনে কাজ করছে। হত্যাকান্ডে জড়িতদের ধরতে পুলিশ মাঠে রয়েছে।