খিলগাঁওয়ে একজনকে পিটিয়ে হত্যা

রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ এলাকায় নজরুল ইসলাম মোল্লা (৪৩) নামে একজনকে আইনশৃঙ্খলা বাহিনী পিটিয়ে হত্যার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে স্বজন ও পুলিশ মুগদা হাসপাতাল থেকে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহত নজরুলের মামা কামাল হোসেন জানান, তাদের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে। নজরুলের বাবার নাম মৃত রহিম মোল্লা। বর্তমানে খিলগাঁও সিপাহীবাগ উত্তর গোড়ান চারতলা গলি এলাকায় স্ত্রী আকলিমা বেগম ও দুই সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। বাসার পাশেই সিংগারা, পুরির দোকান রয়েছে তার।

নজরুল ইয়াবা সেবন করতেন এবং বিক্রিও করতেন। খিলগাঁও থানায় নজরুলের নামে মাদক মামলা রয়েছে। শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা (সেনাবাহিনী) নজরুলের বাসায় ঢুকে স্ত্রী সন্তানদের সামনে তাকে বেদম মারধর করে। পরে তারা নজরুল, তার স্ত্রী ও বাসায় থাকা এক লাখ টাকা, মোবাইল ফোনসহ তাদের বাসবো ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পে নিয়ে গিয়েও বেধরক মারধর করে বলে অভিযোগ করেন তার মামা কামাল হোসেন।

তিনি আরও বলেন, ভোর আনুমানিক ৪টার দিকে বাসাবো ক্যাম্পে নজরুল অচেতন হয়ে পড়েন। তখন তার স্ত্রীর কাছে দুই হাজার টাকা দিয়ে সেনাসদস্যরা বলেন, তাকে চিকিৎসার জন্য মুগদা হাসপাতালে নিয়ে যেতে। এরপর স্ত্রী আকলিমা বেগম নজরুলকে ভোরে মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পরবর্তীতে খিলগাঁও থানার সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্বজনরা অভিযোগ করেন, নজরুলের হাতে, পিঠে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। 

এবিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খিলগাঁওয়ের বাসা থেকে ওই নজরুলকে স্বজনরা মুগদা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে থানা পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেলে নিলে সে মারা যায়। আমরা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।