রাজধানীর সবুজবাগ বাসাবোতে পিকআপ ভ্যানের ধাক্কায় ইয়াকুব আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাসাবো ওয়াসা রোডে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকাল সাড়ে ৩টায় মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা ছেলে মো. আকাশ জানান, তাদের বাসা সবুজবাগ মানিকদিয়ায়। সেখানে তাদের স্থানীয় বাড়ি। বাড়িতে দুগ্ধখামার রয়েছে তাদের। সেখান থেকে উৎপাদিত দুধ এলাকার বিভিন্ন বাসায় সরবরাহ করেন তার বাবা নিজে।
তিনি জানান, সকাল থেকে বিভিন্ন বাসায় দুধ দিচ্ছিলেন তার বাবা। বেলা সাড়ে ১১টার দিকে বাসাবো ওয়াসা রোডে হেঁটে যাওয়ার সময় একটি পিকআপভ্যান তাকে পিছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে তাকে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।