'নিজেকে সীমিত করা বুমরার জন্য লজ্জার'

টেস্ট খেলা পাঁচ দিনের। ওয়ানডে ও টি-টোয়েন্টি ছাড়াও বিভিন্ন ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হওয়ায় সারা বছর খেলা থাকে। এতে শরীরকে বিশ্রাম দেওয়ার ফুসরত পান না ক্রিকেটাররা। বিশেষ করে বোলাররা।

বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরা ওয়ার্কলোড থেকে নিজেকে রক্ষা করতে বেছে বেছে টেস্ট খেলছেন। সেই ধারাবাহিকতায় জেমস অ্যান্ডারসন-শচিন টেন্ডুলকার সিরিজের গুরুত্বপূর্ণ পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচে তাকে পাচ্ছে না ভারত।

অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা বলছেন, এভাবে টেস্ট খেলা সীমিত করাটা বুমরার জন্য লজ্জার হবে।

চেন্নাইয়ে এমআরএফ পেস ফাউন্ডেশনে কথা বলার সময় ম্যাকগ্রা বলেন, ‘ভারসাম্য আনার জন্য আপনার আরেকটি পেস বোলিং গ্রুপ দরকার যাতে করে তাকে দীর্ঘ স্পেল করতে না হয়। ওয়ার্কলোডের চাপ বহন করার জন্য অন্যদেরও সমান বোলিং করতে হবে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দেখেন বুমরা কতটা কার্যকরী। তাই নিজেকে টেস্ট ক্রিকেটে সীমিত করলে বুমরার জন্য সেটা লজ্জার হবে। খুঁজে বের করতে হবে তার জন্য কোনটা সেরা।'

বুমরার বোলিং অ্যাকশন ভিন্ন হওয়ায় তার শরীরের ওপর বাড়তি চাপ পড়ে বলে মনে করেন ম্যাকগ্রা।