টু ক রো  খ ব র

ফুটবল ক্লাবের মালিক জকোভিচ

ফুটবলের প্রতি নিজের আগ্রহের কথা অনেকবারই বলেছেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ। সেই আগ্রহ থেকেই জকোভিচ এবার ফ্রান্সের দ্বিতীয় বিভাগে খেলা ফুটবল ক্লাব লে মানস এফসির আংশিক মালিকানা কিনেছেন। জকোভিচ একা নন, তার সঙ্গে ক্লাবটির মালিকানায় আরও অংশ নিয়েছেন সাবেক ফর্মুলা ওয়ান রেসার ফেলিপে মাসা এবং কেভিন ম্যাগনুসেন। আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য জানিয়েছে ফরাসি ক্লাবটি। জকোভিচ ও সাবেক দুই ফর্মুলা ওয়ান ড্রাইভারের এই বিনিয়োগের নেতৃত্ব দিচ্ছে ব্রাজিলিয়ান প্রতিষ্ঠান ‘আউটফিল্ড’ যারা একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম। লে মানস ক্লাবের মূল লক্ষ্য ফরাসি ফুটবলের শীর্ষ স্তর লিগ ওয়ানে খেলার যোগ্যতা অর্জন করা। লে মানস ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত সময়ে প্রথম বিভাগে খেলেছে। তবে ২০১৩ সালে আর্থিক সংকটে পড়ে ক্লাবটি বিলুপ্ত হয়ে যায়। পরে আবারও ধীরে ধীরে শীর্ষ ফুটবলে ফিরছে তারা। গেল ১০ বছরে নিচু স্তরের লিগ থেকে উন্নতি করে দ্বিতীয় বিভাগে এসেছে ফরাসি এই ক্লাবটি।

‘যত প্রতিযোগিতা তত ভালো’

বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা ইংল্যান্ডের তারকা মার্কাস রাশফোর্ডের আগমনকে স্বাগত জানিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে এক মৌসুমের জন্য বার্সায় যোগ দেন রাশফোর্ড। ইংলিশ ফুটবলার দলে আসায় খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতা বাড়বে কি না এমন প্রশ্নে রাফিনহা স্প্যানিশ এক দৈনিককে বলেন, ‘এই জার্সি পরে, এই ক্লাবের হয়ে খেলতে হলে সব ধরনের প্রতিযোগিতার জন্য প্রস্তুত থাকতে হয়। আমার মতে, যত বেশি প্রতিযোগিতা থাকবে, ততই ভালো। কারণ এতে একজন আরেকজনকে উন্নত করতে সাহায্য করে, আর ট্রফি জিততে গেলে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ গত মৌসুমকে নিজের ক্যারিয়ারে সেরা সময় হিসেবে দেখছেন রাফিনহা। ৫৬ ম্যাচে তিনি করেন ৩৪ গোল ও ২৫টি অ্যাসিস্ট। বার্সা ঘরে তোলে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ। রাফিনহা আরও বলেন, ‘গত মৌসুমটি আগের চেয়ে ভালো ছিল, এবার আরও ভালো করার চেষ্টা করব।’ ২৮ বছর বয়সী রাফিনহা সম্প্রতি নিজের চুক্তি আরও এক বছর বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করেছেন।

টটেনহ্যাম ছাড়ছেন সন

তেমন কোনো গুঞ্জন ছিল না। চুক্তির মেয়াদও শেষ হয়নি। প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বও শুরু হয়ে গেছে। এর মধ্যে চমক হয়েই এলো সন হিয়ুং মিনের টটেনহ্যাম ছাড়ার ঘোষণা। টটেনহ্যামের সঙ্গে ১০ বছরের পথচলার ইতি টানছেন দক্ষিণ কোরিয়ান তারকা। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে সিউলে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচের আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে ক্লাব ছাড়ার কথা জানান সন। নতুন ঠিকানা নিয়ে কিছু এখনো জানাননি টটেনহ্যাম অধিনায়ক। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসিতে পাড়ি জমাতে পারেন ৩৩ বছর বয়সী দক্ষিণ কোরিয়ান এই ফরোয়ার্ড। মাত্র আড়াই মাস আগে সনের নেতৃত্বে ইউরোপা লিগ জয় করে টটেনহ্যাম। ক্লাবের ১৭ বছরের ট্রফি খরার অবসান হয় তাতে। সন ক্লাব ছাড়া নিয়ে বলেন, ‘এই গ্রীষ্মে আমি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। মনে হয় আমার ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল এটি। একটি দলের হয়ে ১০ বছর ধরে খেলা ছিল আমার কাছে খুবই গর্বের ব্যাপার। প্রতিটি দিন নিজের সবটুকু ঢেলে দিয়েছি আমি।’