দেশ রূপান্তরের সংবাদ প্রকাশের পর 

মেঘনা থেকে বালু উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ

লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে ১০টি ড্রেজার মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২ আগস্ট) বিকালে উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানার।

এদিকে গত ৩০ জুলাই দৈনিক দেশ রূপান্তরের অনলাইনে মেঘনা নদীতে অবাধে বালু উত্তোলন, হুমকিতে বসতবাড়ি-ফসলি জমি শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে একটি তথ্যবহুল সংবাদ প্রচারিত হয় দৈনিক দেশ রূপান্তরে। এমন সংবাদে শনিবার নদী থেকে বালু উত্তোলনের সময় ১০ ড্রেজার মেশিন জব্দ করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ড্রেজারের মালিক ও শ্রমিক। পরে জব্দ করা ড্রেজার মেশিন স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়। পাশাপাশি ড্রেজার মেশিনের ব্যবহৃত পাইবগুলো নষ্ট করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা জানান, নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ কাজের সঙ্গে জড়িত সবাইকে আনা হবে আইনের আওতায়।