জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ করবর্ষ থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।
আজ সোমবার (৩ আগস্ট) এক বিশেষ আদেশে এনবিআর এ ঘোষণা দেয়।
আদেশে বলা হয়েছে, কিছু ব্যতিক্রম ছাড়া দেশের সব স্বাভাবিক ব্যক্তি করদাতাকে www.ctaxnbf.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে।
বিশেষ আদেশে ৪ শ্রেণির করদাতাকে অনলাইনে রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তারা হলেন-
- ৬৫ বছর বা তার বেশি বয়সের প্রবীণ করদাতা
- শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রমাণপত্রসহ)
- বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক
- মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি
তবে এই চার শ্রেণির করদাতা চাইলে অনলাইনেও রিটার্ন জমা দিতে পারবেন।
ই-রিটার্ন সিস্টেমে কারিগরি সমস্যা দেখা দিলে সাধারণ করদাতাকে ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে লিখিতভাবে কারণ জানিয়ে আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে তারা কাগজে (পেপার রিটার্ন) রিটার্ন জমা দিতে পারবেন।
এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান স্বাক্ষরিত আদেশে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে এ নির্দেশনা প্রচারের জন্য বলা হয়েছে। এনবিআর জানিয়েছে, কর ব্যবস্থা ডিজিটাল ও স্বচ্ছ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি করদাতাদের হয়রানি কমিয়ে সেবার মান বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।