ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছিলেন, কিন্তু দেশের প্রয়োজনে আবারও অবসর ভেঙে ফিরেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার মার্তা ভিয়েরা। ৩৯ বছর বয়সে মাঠে ফিরেই তিনি জিতে নিলেন কোপা আমেরিকার শিরোপা। শনিবার রাতে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে মেয়েদের কোপার শিরোপা জিতেছে ব্রাজিল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন মার্তা। ফাইনালে করেছেন জোড়া গোল।
যোগ করা সময়ে পঞ্চম মিনিট পর্যন্ত ৩–২ গোলে পিছিয়ে ছিল ব্রাজিল। এরপরই দুর্দান্ত এক গোলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মার্তা। ম্যাচে ফেরে সমতা। এরপর অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটে ব্রাজিলকে ৪–৩ ব্যবধানে এগিয়েও দেন। তবে পেনাল্টি শ্যুট আউটে তিনি মিস করেন। সব মিলিয়ে কোপা আমেরিকার ১০ আসরের মধ্যে নয়বারই শিরোপা জিতলেন ব্রাজিলের মেয়েরা। এর মাঝে সর্বশেষ পাঁচ আসরে ব্রাজিলই টানা শিরোপা জিতেছে।
টুর্নামেন্টসেরা মার্তা ম্যাচ শেষে বলেছেন, ‘আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিলাম, যেন উনি আমাকে এতটা কঠোর শাস্তি (পরাজয়) না দেন। মাঠে নেমে সমতাসূচক গোলের আশীর্বাদ পেলাম, তার ওপর আরও একটি গোল করলাম। কিন্তু আমরা একটা ভুল (আত্মঘাতী গোল) করায় ওরা সমতা ফেরাতে পারে। টাইব্রেকারে আমার সুযোগ ছিল শিরোপা নিশ্চিত করার, কিন্তু আমি সেটা করতে পারিনি।’
এই বয়সে এসে শিরোপা জিততে পেরে দারুণ খুশি মার্তা। সেইসঙ্গে জানিয়ে দিলেন, এটাই তার শেষ কোপা আমেরিকা, ‘আমার সতীর্থরা আজ দুর্দান্ত পারফর্মেন্স করেছে। টাইব্রেকার মিস করার পর আমি খুব ভেঙে পড়েছিলাম, কিন্তু ওরা আমাকে ভেঙে পড়তে দেয়নি। সবার বিশ্বাস ছিল যে আমরা পারব। লোরেনা পেনাল্টি বাঁচিয়ে দেবে। সৃষ্টিকর্তা আমাকে এই শিরোপা দিয়েছেন, এটা আমার শেষ কোপা আমেরিকা ট্রফি।’