৮ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১১:৩৮ এএম

মেয়েদের কোপা আমেরিকা শিরোপার যেন একচ্ছত্র অধিপতি হয়ে গেছে ব্রাজিল। কলম্বিয়াকে হারিয়ে তারা নবমবারের মতো জিতে নিল এই শিরোপা। নির্ধারিত সময়ে ৩-৩ এবং অতিরিক্ত ৩০ মিনিট পর ৪-৪ সমতায় ছিল ব্রাজিল ও কলম্বিয়ার লড়াই। নারী কোপা আমেরিকার রুদ্ধশ্বাস এই ফাইনালের ফল নির্ধারণ হয়েছে টাইব্রেকারে। যেখানে কলম্বিয়াকে ৪-৫ ব্যবধানে হারিয়েছে হলুদ জার্সিধারীরা।

বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে ইকুয়েডরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের পরতে পরতে ছিল রোমাঞ্চ। নির্ধারিত ৯০ মিনিটে প্রতিবারই লিড নিয়েছে কলম্বিয়া। তবে গোলমুখে নেওয়া ২১ শটের মধ্যে ৯টি লক্ষ্যে রাখে ব্রাজিল। বিপরীতে কলম্বিয়ার ১৪ শটের ৬টি ছিল লক্ষ্যে। হলুদ জার্সিধারীদের হয়ে জোড়া গোল করেছেন কিংবদন্তি মার্তা ভিয়েরা। এছাড়া অ্যাঞ্জেলিনা, আমান্দা একটি করে গোল করেন।

খেলায় বারবার ব্রাজিল এগিয়ে গেলেও ছাড় দেয়নি কলম্বিয়ান মেয়েরা। দলটির হয়ে গোল করেছেন লিন্ডা কাইসেদো, মাইরা রামিরেজ ও লেইসি সান্তোস। আরেকটি গোল এসেছে ব্রাজিলের টার্সিয়ানের আত্মঘাতী গোলের সৌজন্যে। ৪-৪ সমতার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে ব্রাজিল শিরোপা নিশ্চিত করে। অবসর ভেঙে ফেরা ৩৯ বছর বয়সী ব্রাজিল কিংবদন্তি মার্তা জিতলেন আরেকটি শিরোপা।

এখন পর্যন্ত মেয়েদের কোপা আমেরিকার ৯টি আসর মাঠে গড়িয়েছে, যার মধ্যে ৮ বারই শিরোপা জিতেছে ব্রাজিল। মাঝে একবার আর্জেন্টিনা শিরোপা জিতেছিল। এবার ব্রাজিল জিতল টানা পঞ্চম কোপা আমেরিকার শিরোপা। ২০২২ কোপা আমেরিকার ফাইনালেও এই কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েই শিরোপা জিতেছিল ব্রাজিল। আর কলম্বিয়ার ছেলেদের মতো মেয়েদেরও শিরোপা স্বপ্ন ভঙ্গ হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত