প্রথমবার বাবা হওয়ার স্বাদ পেলেন মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের মেধাবী অভিনেতা শ্যামল মাওলা। রোববার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন এই অভিনেতার স্ত্রী অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার মাহা শিকদার। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন শ্যামল । মেয়ের নাম রেখেছেন সানাভ মাওলা।
বাবা হওয়ার পর সন্তান কোলে নিয়ে একটি ছবিও পোস্ট করেছেন তিনি। তবে এখনই সন্তানের মুখ দেখাতে চান না এই শিল্পী দম্পতি। এ কারণে কন্যার মুখ একটি হার্ট ইমোজি দিয়ে ঢেকে রেখেছেন শ্যামল। ছবিটির ক্যাপশনে এই অভিনেতা লিখেছেন, ‘এই গ্রহে একটি নতুন তারার আগমন।’
৫ বছর আগে ২০২০ সালের ১০ অক্টোবর মাহা শিকদারকে বিয়ে করেন শ্যামল মাওলা। ২০১৮ সালের এপ্রিলে নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর ‘ক্যাশ’ নামে একটি থ্রিলার ড্রামা দিয়ে ওটিটিতে নাম লেখান শ্যামল মাওলা। ‘সদরঘাটের টাইগার’, ‘মানি হানি’, ‘মাইনকার চিপায়’ থেকে ‘মহানগর’ সিরিজে কাজ করে আলোচিত হয়েছেন এই অভিনেতা।
শ্যামল একসময় মঞ্চে কাজ করতেন। ২০০৬ সালে টিভি নাটকে অভিষেক হয় শ্যামল মাওলার। পরে চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। তার ‘নাদান’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। ছবিটির দুর্গাপূজায় মুক্তির কথা রয়েছে। এর বাইরে একটি অমনিবাস চলচ্চিত্রে দেখা যাবে তাকে। পাশাপাশি নতুন আরেকটি সিরিজে অভিনয়ের কথাবার্তা চলছে।