রবীন্দ্র প্রয়াণ দিবসে ছোটপর্দায় নানা আয়োজন

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০১:০৪ পিএম

আজ বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে নানা আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশনসহ দেশের বেশ কয়েকটি টিভি চ্যানেল। তার মধ্যে সবচেয়ে বেশি অনুষ্ঠান সাজিয়েছে বিটিভি। আজ দুপুর ১টা ১০ মিনিটে প্রচারিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গানের অনুষ্ঠান। বিকাল সাড়ে ৪টায় থাকছে নৃত্যানুষ্ঠান ‘নূপুরের ঝংকার’। লাবণ্যর উপস্থাপনায় ও নৃত্য পরিচালক কবিরুল ইসলাম রতন, আব্দুর রশিদ স্বপন, আমিরুল ইসলাম ও সৈয়দা শায়লা আহমেদের নৃত্য পরিচালনায় রবীন্দ্রনাথের জনপ্রিয় আটটি গানে নাচবেন নৃত্যশিল্পীরা। রবীন্দ্রনাথের লেখা শিশুতোষ গান, ছড়াগান, কুইজ, চিত্রাংকন ও তার জীবনীর সংকলন নিয়ে শিশুতোষ অনুষ্ঠান প্রচারিত হবে সন্ধ্যা ৬টায়। 

সন্ধ্যা ৭টায় রয়েছে কবিতা পাঠের অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দুর্বুদ্ধি’ অবলম্বনে নাটক ‘দুর্বুদ্ধি’ প্রচারিত হবে রাত ৯টায়। শাহজামান মিয়ার নাট্যরূপে নাটকটি প্রযোজনা করেছেন এল রুমা আকতার। এছাড়াও রাত ১০ টায় রয়েছে রবীন্দ্রনাথের জীবন, দর্শন ও সাহিত্য নিয়ে আলেখ্যানুষ্ঠান ‘সৃজনে স্মৃতিতে রবীন্দ্রনাথ’। গান, কবিতা, নৃত্যনাট্য ও পত্রপাঠ দিয়ে সাজানো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তানজিন তমা। রাত ১১ টা ০৫ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রনাথের গান নিয়ে দ্বৈত সংগীতের অনুষ্ঠান। 

রবীন্দ্রনাথের বিষয় ভিত্তিক গান দিয়ে শুরু হয় চ্যানেল আইয়ে সকালে গান অনুষ্ঠানটি। কবির ভাঙার গান, ছোটদের গান, প্রেমের গান, বাউল গান সহ বিভিন্ন ধরনের গান। বেলা সাড়ে ১১টায় চ্যানেলটি সরাসরি প্রচার করে রবীন্দ্রনাথের সাহিত্য কর্ম নিয়ে আলোচনা, গান, কবিতা সহনানান পরিবেশনা। বিকাল ৩ টায় প্রচারিত হবে টেলিফিল্ম অরণী। বিকাল ৪টা ৪০ মিনিটে রযেছে অণিমা রায়ের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান অশ্রু নদীর সুদূর পারে। বিকাল সাড়ে ৫টায় প্রচারিত জবে  শাইখ সিরাজের পরিকল্পনা ও উপস্থাপনায় গণমানুষের রবীন্দ্রনাথ। এছাড়া ৬টা ২৫ মিনিটে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা ও উপস্থাপনায় কবিগুরু তুমি রবে নীরবে। 

দেশের একমাত্র শিশুতোষ টিভি চ্যানেল দুরন্ত প্রচার করবে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কবির সাহিত্য কর্ম থেকে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্র দুইটি নির্মিত হয়েছে। কবিতা ‘মাধো’ অবলম্বনে সুমনা সিদ্দিকী নির্মাণ করেছেন ‘মাধো’। অন্যদিকে নাটক ‘ডাকঘর’ অবলম্বনে লুসি তৃপ্তি গোমেজ নির্মাণ করেছেন ‘ডাকঘর’। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত