এমিরেটস এয়ারলাইন বাংলাদেশে তাদের কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন তালাল আল গারগাওয়ি। তিনি জাবের মোহাম্মেদের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি শ্রীলংকা এবং মালদ্বীপের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
গত ১ আগস্ট কান্ট্রি ম্যানেজার হিসেবে যোগদান করেছেন তালাল। তিনি বাংলাদেশে এমিরেটসের পরিচালন কার্যক্রমের নেতৃত্ব দেবেন, বাণিজ্য সম্প্রসারণ এবং দেশটিতে তাদের অবস্থান আরো সুদৃঢ় করতে কাজ করবেন।
এমিরেটসের গ্লোবাল ম্যানেজমেন্ট রোটেশনের অংশ হিসেবে পশ্চিম এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে নেতৃস্থানীয় পদে বেশকিছু পালাবদল করা হয়েছে। এর লক্ষ্য হলো এতদঞ্চলে এয়ারলাইনটির বানিজ্যিক লক্ষ্য পূরণে সহায়তা করা।
তালাল বাংলাদেশে তার নতুন দায়িত্ব পালনকালে এমিরেটসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (কমার্শিয়াল অপারেশন্স) পশ্চিম এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চল- এর কাছে রিপোর্ট করবেন।
এমিরেটসে তালালের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে, যার মধ্যে উল্লখযোগ্য হলো কমার্শিয়াল সাপোর্ট ম্যানেজার-কম্বোডিয়া, ২০১৯ থেকে ম্যানেজার-কম্বোডিয়া, ডিস্ট্রিকট ম্যানেজার-দাহরান এবং পূর্ব সৌদী আরব এবং ২০২২ থেকে ম্যানেজার-জিম্বাবুয়ে।