নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূ শামিমা আক্তারকে (৩৮) কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ ওঠেছে প্রতিবেশী বিল্লাল হোসেনের বিরুদ্ধে।
রবিবার (৩ আগস্ট) সকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউপির সাতভাইয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর মা সখিনা বেগম সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শামিমা আক্তার শ্বশুর বাড়ি থাকাকালীন প্রতিবেশী বিল্লাল হোসেন ২ মাস ধরে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিলো।
এরই ধারাবাহিকতায় গত ২ আগস্ট রাতে জরুরী কাজ শেষে বাড়ি ফেরার সময় রাস্তার উপর গতিরোধ করে পুনরায় কু- প্রস্তাব দেয় বিল্লাল। এতে তিনি রাজি না হলে অকথ্য ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরদিন ভুক্তভোগী শামিমা আক্তার ও ননদ শিরিনা আক্তার অভিযুক্ত বিল্লাল হোসেনের বাড়িতে বিচার দিতে গেলে সে উত্তেজিত হয়ে এলোপাতাড়িভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করে। স্থানীয়রা তাদের চিৎকার শুনে এগিয়ে এসে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শামিমাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন৷
ভুক্তভোগীর মা সখিনা বেগম বলেন, “আমার মেয়ের জামাই চাকুরী সুবাধে বিদেশে থাকেন। এই সুযোগে এলাকার বখাটে বিল্লাল প্রায় সময় কু-প্রস্তাব দেয়। অনেক বার তাকে সাবধান করলেও শনিবার (২ আগস্ট) রাতে মেয়ে আমাদের বাড়ি থেকে আসার পথে রাস্তায় গাড়ি থামিয়ে কু-প্রস্তাব দেয়। পরবর্তী মেয়ের শ্বশুর বাড়ির লোক নিয়ে বিচার দিতে গেলে তাদেরকে মারধর করে ও আমার মেয়েকে কুপিয়ে হত্যা চেষ্টা করে। আমি এর উপযুক্ত শাস্তির দাবি জানাই।”
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, “এ বিষয়ে ভুক্তভোগীর মা একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”