চোটে পড়া মেসিকে ছাড়াই জিতল মায়ামি

লিগস কাপে মেক্সিকোর ক্লাব নেকাক্সার বিপক্ষে ম্যাচের সপ্তম মিনিটে ড্রিবলিং করে প্রতিপক্ষের বক্সের দিকে ছুটছিলেন লিওনেল মেসি। কিন্তু রাউল সানচেজ ও আলেক্সিস পেনার চ্যালেঞ্জে মেসি পড়ে গেলেন মাঠে। এটিই বিপদ ডেকে এনেছে। উঠে দাঁড়িয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পারেননি। ১১ মিনিটে মাঠ ছেড়ে যান মেসি। তার বদলে মাঠে নামেন ফেদরিকো রেদোনদো।

ম্যাচের ফল ছাপিয়ে মেসির ইনজুরিই এখন মূল আলোচনায়। মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো বলেন, ‘হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করছিল লিও। আগামীকালের আগ পর্যন্ত বোঝা যাবে না চোট কতটা গুরুতর। তার ব্যথা ততটা নেই, তবে কিছু একটা সমস্যা সম্ভবত আছে। হয়তো খুব বাজে কিছু না, কারণ ব্যথা অনুভব করছে না। তবে অস্বস্তি আছে।’

মেসি না থাকলেও ম্যাচে এরপর রোমাঞ্চ ছড়াল ভালোই। ইনজুরি সময়ে সমতা ফেরান জর্ডি আলবা। নির্ধারিত সময়ে হলো চার গোল। দুই দলের একজন করে দেখলেন লাল কার্ড। ২-২ সমতার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতেছে মায়ামি। টাইব্রেকারে একটি শট ঠেকিয়ে মায়ামির শেষের নায়ক গোলকিপার রোকো রিওস নোভো। মূল গোলকিপার ড্রেক ক্যালেন্ডার ও দ্বিতীয় পছন্দের গোলকিপার উনাই উস্তারির চোটের পর কিছুদিন ধরে গোলবার সামলাচ্ছেন গত জানুয়ারিতে ধারে আসা নোভো।

চেস স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটে বক্সের বাইরে থেকে তেলাস্কো সেগোভিয়ার গোলে এগিয়ে যায় মায়ামি। ১৭ মিনিটে মাক্সিমিলিয়ানো ফালকন সরাসরি লাল কার্ড দেখলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় মায়ামিকে। নেকাক্সা সমতায় ফেরে ৩৩ মিনিটে। ৬০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডের ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নেকাক্সার ক্রিস্তিয়ান কালদেরন। ৮০ মিনিটের পর রোমাঞ্চ ছড়ায় ম্যাচে। ৭৪ মিনিটে বদলি নেমে ৮১ মিনিটে গোল করেন নেকাক্সার রিকার্দো মনরেয়াল। ৯০ মিনিট শেষ, চলছে যোগকরা সময়। মনে হচ্ছিল ম্যাচটা জিতে যাবে নেকাক্সা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফ্রি-কিক থেকে জর্দি আলবার দারুণ হেডে সমতার উল্লাসে মেতে ওঠে মায়ামি।

লিগস কাপের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হলে গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে পাঁচ শটই কাজে লাগায় মায়ামি। বল জালে পাঠান রদ্রিগো ডি পল, ক্রেমাশ্চি, জর্দি আলবা, ফেদেরিকো রেদোন্দো ও লুইস সুয়ারেজ। নেকাক্সার তৃতীয় শটটা ঠেকান রোকো রিওস নোভো। শেষ শটে সুয়ারেজের শট ক্রসবারের নিচের দিকে লেগে প্রবেশ করে জালে।

রেফারিং নিয়ে ক্ষুব্ধ মায়ামি কোচ মাশচেরানো। মেক্সিকান রেফারিকে উদ্দেশ্য করে মায়ামি কোচ বলেন, ‘প্রথম ১৫ মিনিটে আমরা গোলও করলাম। তবে লিওর চোট, আর একটা ফাউল যেটা আদৌ ফাউল ছিল না, তাতে লাল কার্ড! ভিএআর না দেখেই সিদ্ধান্ত! কী বলব? ওরা পুরো খেলাটাই শেষ করে দিল, হয়তো আমাদের (পরের রাউন্ড) শেষ করে দিল।’ রেফারির জাতীয়তা নিয়েও প্রশ্ন তোলেন মাশচেরানো ‘একটা আন্তর্জাতিক টুর্নামেন্টে যেখানে দুই দেশের ক্লাব মুখোমুখি, সেখানে সেই দেশের রেফারি থাকাটা ঠিক নয়।’

নির্ধারিত সময়ে ড্র হলে দুই দলই পায় ১ পয়েন্ট করে। আর টাইব্রেকারে জেতা দল পায় আরও ১ পয়েন্ট। অর্থাৎ মোট ২ পয়েন্ট পায় জয়ী দল। মায়ামি এই ম্যাচ থেকে পেয়েছে ২ পয়েন্ট। দুই ম্যাচ থেকে মোট ৫ পয়েন্ট মায়ামির।