‎রোমাঞ্চ ছড়িয়ে শেষ দিনে ওভাল টেস্ট, জিতবে কে ‎

ওভাল টেস্টের চতুর্থ দিন যেন এক থ্রিলারে পরিণত হল। প্রথমে আলো স্বল্পতা, পরে বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেল খেলা—যেখানে ইংল্যান্ড ছিল ৩৭৪ রানের লক্ষ্য তাড়ায়। জো রুট ও হ্যারি ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরিতে এগিয়ে থাকলেও ভারত ঘুরে দাঁড়ানোয় ম্যাচ দাঁড়িয়ে গেছে সমানে-সমান জায়গায়। সোমবার ইংল্যান্ডের দরকার আর মাত্র ৩৫ রান, হাতে আছে ৪ উইকেট।

‎চূড়ান্ত দিনে ইংল্যান্ড শুরু করবে ৩৩৭/৬ স্কোর নিয়ে। ক্রিজে আছেন শেষ স্বীকৃত ব্যাটার জেমি স্মিথ। তার সঙ্গে আছেন জেমি ওভারটন, তবে সবচেয়ে বড় ভাবনার বিষয়—বা হাতে চোট পাওয়া ক্রিস ওকস। জো রুট বলেছেন, দরকার হলে ব্যাট হাতে নামবেন ওকস।

‎আর বলেছেন, ভালো অবস্হায় আছেন তারা, "সিরিজটা যেভাবে উঠানামা করেছে, এই টেস্টটাও ঠিক তেমনই। কাল হবে দারুণ এক ফিনিশ। নতুন বল আসায় রান করাও সহজ হতে পারে। আমাদের ড্রেসিংরুমে এখনো অনেক স্কিলফুল ব্যাটার আছে। হ্যাঁ, ওরা ভালো একটা পিরিয়ড খেলেছে, তবে আগামীকাল আমাদের জন্য জয়ের বড় সুযোগ হতে পারে।”


‎এই টেস্ট জিতে ইংল্যান্ড সিরিজ ৩-১-এ জিতে নিতে চায়, অন্যদিকে ভারত এই ম্যাচ জিতে সিরিজ ২-২-এ সমতায় আনতে চায়—যা হবে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির সম্মানজনক ভাগাভাগি।

‎চতুর্থ দিনটা যেন দুই দলের টানটান মানসিক পরীক্ষার। ব্রুক তার ৯৮ বলে ১১১ রানের ইনিংস শেষ করেন আকাশ দীপের বলে টপ এজ হয়ে আউট হয়ে। এরপর বেথেল মাত্র ৫ রান করে বোল্ড হন। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা ছিল জো রুটের বিদায়—প্রসিদ্ধ কৃষ্ণার বলে হালকা ছোঁয়ার ক্যাচ, ১০৫ রানের ইনিংস থেমে যায়।

‎পুরনো বল হঠাৎ করে সুইং করতে শুরু করে ভারতের পেসারদের জন্য। ৩৩৭/৬ অবস্থায় স্মিথ ও ওভারটনকে ২০ বল টিকে থাকতে দেখা যায় যেখানে প্রায় প্রতিটি বলই ব্যাটের ভেতরের কিনারা কিংবা মিস হিট হচ্ছিল। ভারতের দর্শকরা তখন গর্জন শুরু করে, ইংলিশ সমর্থকদের মুখে চাপা উত্তেজনা।

‎খেলাটি যখন স্থানীয় সময় ৬টায় পরিত্যক্ত ঘোষণা করা হয়, তখন ওভালের আশেপাশে ঝলমলে রোদ! বাকি থাকা কিছু দর্শক তখন "লজ্জা!" বলে চিৎকার করছিলেন।

‎যদিও খেলা বন্ধ হয়ে যাওয়ায় ইংলিশ ব্যাটাররা একটু রিফ্রেশ হওয়ার সময় পেয়েছেন, তবে নতুন দিনের শুরুতেই তাদের মুখোমুখি হতে হবে একদম ফিট, বিশ্রামপ্রাপ্ত ভারতীয় বোলিং আক্রমণের—যাদের হাতে দ্বিতীয় নতুন বল আসতে আর মাত্র ৩.৪ ওভার বাকি।

‎সবমিলিয়ে ওভালে শেষ দিন উপহার দিতে চলেছে এক রুদ্ধশ্বাস রোমাঞ্চ, যেখানে প্রতিটি বলেই বদলে যেতে পারে টেস্ট সিরিজের ভাগ্য।