ইউক্রেন যুদ্ধ বন্ধ সংক্রান্ত আলোচনার জন্য আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। রবিবার (৩ আগস্ট) সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ট্রাম্প।
তিনি বলেন, ‘আমার মনে হয়, উইটকফ আগামী সপ্তাহে বুধবার বা বৃহস্পতিবার রাশিয়ায় যাবেন।’
ট্রাম্প বলেন, ‘রাশিয়ার যদি নিষেধাজ্ঞা এড়াতে হয়, তাহলে একটাই উপায়—একটা চুক্তি করা, যেখানে মানুষ মারা পড়া বন্ধ হবে।’
তিনি আরও হুঁশিয়ারি দেন, রাশিয়া যদি ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে না আসে, তাহলে তার উপর অত্যন্ত কঠোর শুল্ক আরোপ করা হবে।
এছাড়া ট্রাম্প জানান, সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের বক্তব্যের পর তিনি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছেন। তবে তিনি পরিষ্কার করেননি সেগুলো পারমাণবিক অস্ত্রে সজ্জিত, নাকি কেবল পারমাণবিক শক্তি চালিত। মোতায়েনের স্থানও গোপন রাখা হয়েছে।
ট্রাম্প রাশিয়ার ইউক্রেন আক্রমণকে ‘ঘৃণ্য’ বলে উল্লেখ করেছেন। গত বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি অ্যাপার্টমেন্ট ভবনে রুশ হামলায় ৩১ জন নিহত হওয়ার প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।