পরবর্তী নেইমার ভাবা কাউয়ান বাসিলে আলোচনায় যে কারণে

নেইমার জুনিয়রের পেশাদার ফুটবলের শুরুটা সান্তোসে। ট্রান্সফার ফির রেকর্ড গড়া নেইমার ইউরোপ, সৌদি ঘুরে এখন আবারও খেলছেন সান্তোসে। সেই সান্তোসেরই আরেক খেলোয়াড় কাউয়ান বাসিলে ফুটবল বিশ্বে উঠে এসেছেন আলোচনায়। বয়স মাত্র ১৩, কিন্তু তার খেলা এবং প্রতিভার কারণে ব্রাজিলের ভবিষ্যৎ হিসেবেও ধরা হচ্ছে বাসিলেকে। তার বাবা আন্দ্রেজিনহো ছিলেন ব্রাজিলের সাবেক ফুটবলার। বর্তমানে বাসিলেকে ব্রাজিলের পরবর্তী নেইমার হিসেবে ভাবছেন অনেকে।

বাসিলের জাদুকরী ড্রিবলিং, পাসিং এবং গোল করার দক্ষতা প্রতিনিয়তই ফুটবল দুনিয়াকে জানান দিচ্ছে যে, তিনি নেইমারের সঙ্গে তুলনা পাওয়ার যোগ্য তিনি। বাসিলে এর আগে আলোচনায় উঠে এসেছিলেন নাইকির সঙ্গে চুক্তি করে। আবারও আলোচনায় আসার কারণ ইমেজ স্বত্ব। সান্তোসের সাথে একটি ইমেজ-স্বত্ব চুক্তি সম্পাদন করেছেন কাউয়ান বাসিলে। এর আগে সান্তোসে শুধুমাত্র নেইমারই ছিলেন একমাত্র খেলোয়াড় যিনি এত অল্প বয়সে ক্লাবের সাথে এ ধরনের চুক্তি করেছিলেন।

বাসিলে এর আগে মাত্র ৮ বছর বয়সে নাইকির সঙ্গে চুক্তিবদ্ধ হন, যা ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের চুক্তি হিসেবেও রেকর্ড হয়েছে। নাইকির সঙ্গে প্রথম চুক্তির সময় নেইমারের বয়স ছিল ১৩ এবং মেসির ১৫।

বর্তমানে ১৩ বছর বয়সী বাসিলে এখন সান্তোসের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলার অপেক্ষায়।