মেরুদণ্ড আছে বলেই ইসি সোজা হয়ে দাঁড়িয়ে আছে: সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই সব প্রস্তুতি আছে এবং নির্বাচনের প্রস্তুতি চলমান আছে। নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে।

গতকাল রবিবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন- ইসির মেরুদণ্ড নেই। এনসিপি নেতার করা মন্তব্যের প্রেক্ষিতে আজ সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনের কি বাস্তবে মেরুদণ্ড আছে– এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশনের মেরুদণ্ড না থাকলে আমি কিভাবে দাঁড়িয়ে আছি? আমি তো নির্বাচন কমিশনেরই অংশ। আপনাদের সামনে দাঁড়িয়ে থাকা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে?

এ সময় তিনি আরও বলেন, ইইউ পর্যবেক্ষণ টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দেশে আসবে। এর মধ্যে তিনজন বিদেশি ও চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন। এটা আজ আমাদের জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা জেনেছি।

নিবন্ধন পাওয়ার জন্য ১৪৫টি আবেদন জমা পড়েছে-এ কথা জানিয়ে নির্বাচন কমিশন সচিব বলেন, সবাইকে পূর্ণ তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। ৮০টি দল উত্তর দিয়েছে, কেউ সময় বৃদ্ধির আবেদন করেছে আবার ৫৯টি দল কোনো উত্তর দেয়নি।