মেসির কেরালা সফর বাতিল, ক্ষুব্ধ সমর্থকরা

ভারতের কেরালায় আসছেন না লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি. আবদুরাহিমান। এর আগে তিনি জানিয়েছিলেন, আর্জেন্টিনা দল কেরালা সফরে আসবে এবং সরকারের পক্ষ থেকে তাদের রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দেওয়া হবে।

মন্ত্রী জানান, আর্জেন্টিনা দল তাদের জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবর মাসে কেরালায় আসা তাদের পক্ষে সম্ভব নয়। তবে স্পনসর পক্ষ জানিয়েছে, ‘আমরা সফর শুধুমাত্র অক্টোবর মাসেই আয়োজন করতে আগ্রহী।’ এই মতবিরোধের কারণে সফর বাতিল হয়ে গেল।

এর আগে আবদুরাহিমান বলেছিলেন, দলটি অক্টোবর অথবা নভেম্বর মাসে কেরালায় আসতে পারে এবং তাদের নিরাপত্তা, আবাসনসহ সকল সুবিধা রাজ্য সরকারই দেবে। তবে বারবার সফর নিয়ে অনিশ্চয়তা ও বিতর্ক সৃষ্টি হওয়ায় ক্ষুব্ধ মেসিভক্তরা ক্ষোভ প্রকাশ করেছেন।

মালাপ্পুরামের 'আর্জেন্টিনা হোয়াটসঅ্যাপ কুট্টায়মা'র সদস্য আহম্মেদ সালিহ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখন তো মনে হচ্ছে, পরবর্তী ঘোষণা হবে মেসি কেরালায় ক্রিকেট খেলতে আসছেন—কি জানি, হয়তো হকি খেলতেও!’

আর্জেন্টিনা দলের সফর ঘিরে রাজ্যজুড়ে ছিল ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা। তবে এবার সরকারিভাবে সফর বাতিল হওয়ায় কেরালার ফুটবলপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা ও রাগ।